অবশেষে পাইবাসই কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঠিন সব শর্ত দিয়ে বিসিবিকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন রিচার্ড পাইবাস। কাল তাঁরই পাঠানো এক মুঠোফোন বার্তায় অবসান হলো সে দুশ্চিন্তার। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীকে পাঠানো বার্তায় পাইবাস জানিয়েছেন, বাংলাদেশ দলের কোচ হতে রাজি তিনি।২০১৫ বিশ্বকাপ সামনে রেখে বিসিবি চেয়েছিল নতুন কোচের সঙ্গে চুক্তিটা হোক তিন বছরের। কিন্তু পাইবাস চেয়েছেন দুই বছরের চুক্তি এবং সেটাই হচ্ছে। আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় এসে পাইবাস বাংলাদেশ দলের দায়িত্ব নেবেন, যাবেন জিম্বাবুয়ে সফরেও—জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।স্টুয়ার্ট ল যাওয়ার পর বিসিবি সম্ভাব্য কোচদের যে সংক্ষিপ্ত তালিকা করে, পাইবাস সেটির শীর্ষে ছিলেন। ১১ মে বিসিবির সঙ্গে আলোচনা করতে দুই দিনের সফরে ঢাকায় আসেন এই ইংলিশ কোচ। বাংলাদেশে বসবাসের সুযোগ-সুবিধাও দেখে গেছেন তখন। কিন্তু ঢাকা থেকে ফিরে গিয়ে দাবিদাওয়া বাড়িয়ে দেন পাইবাস। এ নিয়ে গত কয়েক দিনে দর-কষাকষি হয় দুই পক্ষে। বিসিবি থেকে চূড়ান্তভাবে জানানো হয়, অন্যান্য সুবিধার সঙ্গে বেতন হিসাবে প্রতি মাসে তিনি পাবেন ১৫ হাজার মার্কিন ডলার (আয়কর বাদে)। বিসিবি শেষ পর্যন্ত এই অবস্থানেই অনড় ছিল কি না, জানা না গেলেও বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমরা অযৌক্তিক কোনো দাবি মানিনি। আমাদের ক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব, সেটাই মেনেছি। আগের কোচরা যা পেতেন, তার কাছাকাছিই পাবেন পাইবাস।’ আর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর কাছে এটা দুই পক্ষের জন্যই ‘উইন উইন সিচুয়েশন’।বাংলাদেশের কোচ হতে পেরে খুশি ৪৭ বছর বয়সী পাইবাসও। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে পাইবাসকে উদ্ধৃত করা হয়েছে এভাবে, ‘বাংলাদেশ দলকে কোচিং করানোর সুযোগ পেয়ে আমি আনন্দিত। অপেক্ষায় আছি কখন ছেলেদের নিয়ে কাজ শুরু করব।’ আগামী মাসে জিম্বাবুয়ে সফরটাই হবে পাইবাসের প্রথম মিশন। এর দু-তিন মাসের মধ্যেই আছে আয়ারল্যান্ড-ত্রিনিদাদ সফর, আছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। এসব সফরে এশিয়া কাপের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান পাইবাস। তবে সবার আগে জোর দিচ্ছেন খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়ার ওপরই, ‘সামনে আমাদের ব্যস্ত সময়। এই চার মাস খেলোয়াড় এবং অন্য কোচিং স্টাফদের সঙ্গে সম্পর্কোন্নয়নের পাশাপাশি এশিয়া কাপের ধারাবাহিকতাও ধরে রাখতে হবে।’চোটের কারণে খেলোয়াড়ি জীবন থমকে যায় শুরুতেই। তবে থেকে গেছেন ক্রিকেটের সঙ্গে। ২৪-২৫ বছর বয়সে শুরু করে দেন কোচিং। ১৯৯৯ সালে পাকিস্তান দলের দায়িত্ব নেওয়ার আগে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল বোর্ডারের কোচ ছিলেন। ১৯৯৯-২০০১ এর পর ২০০৩ সালে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেন পাকিস্তানের। এরপর আবার ফিরে যান বোর্ডারে, সেখান থেকে মিডলসেক্স এবং টাইটান দলের দায়িত্ব পালন করে বাংলাদেশ দিয়ে আবারও ফিরলেন আন্তর্জাতিক ক্রিকেটে।গত কয়েক দিনে জল্পনা-কল্পনা অনেক হলেও বিসিবির সভাপতি মুস্তফা কামাল পাইবাসকে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। কালও বললেন একই কথা, ‘যারা সংক্ষিপ্ত তালিকায় ছিলেন, আমার দৃষ্টিতে তাদের মধ্যে পাইবাসই সেরা। তিনি পরীক্ষিত কোচ, অন্যদের সঙ্গে অনেক পার্থক্য তাঁর। আমার বিশ্বাস ছিল, পাইবাসকে পাওয়া যাবে। সে জন্যই আর কারও সঙ্গে যোগাযোগ করিনি।’দুই বছরের চুক্তি ছিল স্টুয়ার্ট ল-র সঙ্গেও। কিন্তু পারিবারিক কারণে এক বছরও থাকেননি এই অস্ট্রেলিয়ান কোচ। এমন ঘটনা পাইবাসেরও আছে। কোনো দলের সঙ্গেই খুব বেশি দিন থাকার নজির নেই তাঁর। বিষয়টা জানা বোর্ড সভাপতিরও। বাংলাদেশের বেলায়ও যাতে এই ঘটনা না ঘটে, সেই চেষ্টা করার আশ্বাস দিলেন বোর্ড সভাপতি, ‘তাঁরা পেশাদার কোচ। অনেক কিছু চিন্তা করে কাজ করেন। যেভাবে চান অনেক সময় হয়তো সেভাবে কাজ করতে পারেন না, কাজে হস্তক্ষেপ হয়...হয়তো এসব কারণেই দায়িত্ব ছেড়ে চলে যান। আমরা চেষ্টা করব, আমাদের এখানে যেন সেটা না হয়।’নতুন চাকরি পাওয়ার দিনে এটা হতে পারে পাইবাসের জন্য একটি অনুপ্রেরণা। ভবিষ্যতে কী হয়, সময়ই বলে দেবে। তবে স্বাধীনভাবে কাজ করতে পারার প্রতিশ্রুতি তো পাইবাস পাচ্ছেন!