অবশেষে পাওয়া গেল টাইবুকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে দলের ফিজিও আমাটো মাচিকিচো বললেন, ‘ওর সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারবে হ্যামিল্টন মাসাকাদজা। দুজনের খুব ভালো বন্ধুত্ব।’ কিন্তু হার মানলেন সেই মাসাকাদজাও, ‘সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগেই তার সঙ্গে আমার সর্বশেষ কথা হয়েছে। এরপর আর যোগাযোগ নেই।’জিম্বাবুয়ের ক্রিকেটে টাটেন্ডা টাইবু যেন হারিয়ে যাওয়া এক নাম। গত বছরের ৮ জুলাই হঠাৎই সবাইকে চমকে দিয়ে টাইবু ঘোষণা করলেন, আর ক্রিকেট খেলবেন না। বাকি জীবনটা উৎসর্গ করবেন ঈশ্বরের জন্য, ‘আমি অনুভব করছি, ঈশ্বরের জন্য কাজ করার মধ্যেই আমার জীবনের সার্থকতা লুকিয়ে আছে। দেশের হয়ে খেলতে পেরে আমি গর্বিত। কিন্তু এখন জীবনটাকে ওই দিকে উৎসর্গ করার সময় এসেছে।’ অবসরের পর স্থানীয় পত্রিকা সানডে স্ট্যান্ডার্ডকে দিয়েছিলেন জীবনের পথ বদলানোর আরও ব্যাখ্যা, ‘জীবনে সবই পেয়েছি। এখন শুধু আত্মার শান্তি চাই। আমি দেশের সর্বপ্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক, ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি সেঞ্চুরি করা প্রথম স্থানীয় খেলোয়াড়। কিন্তু এসবই যথেষ্ট নয়। আমাকে অন্য কোথাও গিয়ে আত্মার সন্তুষ্টি খুঁজতে হবে। সেটা খুঁজে পেয়ে ভালো লাগছে। আগে মনে হতো সাফল্য মানে অর্থ, একজন ভালো স্ত্রী এবং একটি সুখী পরিবার। আসলে তা নয়।’জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য বজ্রপাতের মতো ছিল টাইবুর ক্রিকেট ছেড়ে দেওয়ার ঘোষণা। শ্বেতাঙ্গ ক্রিকেটারদের বিদ্রোহের পর তিনিই সাফল্যের সঙ্গে ধরে রেখেছিলেন জাতীয় দলের হাল। সেই টাইবু ২৮ টেস্ট আর ১৫০ ওয়ানডে খেলে মাত্র ২৯ বছর বয়সেই হারিয়ে যাবেন ক্রিকেট থেকে! আর খেলা তো নয়, ক্রিকেটের পুরো জগৎ থেকেই যেন বিদায় নিয়ে নিলেন! জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্তরা এখন তাঁর সম্পর্কে জানেন দুটো তথ্যই—টাইবু এক গির্জার সদস্য। গির্জাটা হারারে থেকে ২৫০ কিলোমিটার দূরে বুলাওয়ের কাছে।জিম্বাবুয়েতে আসার পর থেকেই টাটেন্ডা টাইবুর সন্ধানে ছিলাম। সাক্ষাৎ চাওয়ার উদ্দেশ্য তাঁর বর্তমান জীবনটাকে জানা। ক্রিকেটকে কতটা মিস করছেন, দূর থেকে দেখা ক্রিকেট নিয়ে একজন যাজকের বিশ্লেষণ শোনা। গির্জায় গিয়ে এখনকার টাইবুকে দেখে আসতে পারলে তো কথাই নেই। কিন্তু টাইবু সবকিছু থেকে নিজেকে এতটাই গুটিয়ে নিয়েছেন যে হারারে ও বুলাওয়েতে জিম্বাবুয়ের ক্রিকেট-সংশ্লিষ্ট বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেও এমন একজন পাইনি যাঁর সঙ্গে সাম্প্রতিক সময়ে তাঁর দেখা বা কথা হয়েছে। কেউ টাইবুর ফোন নম্বর দিতেও রাজি নন। সবার একটাই ভয়—ফোন নম্বর দিয়েছে জানলে তাঁর সঙ্গে হয়তো আর কথাই বলবেন না টাইবু।বুলাওয়ে অ্যাথলেটিকো ক্লাবের সাবেক কোচ স্ট্যানলি এখন ম্যাশনাল্যান্ড ইগলসের সহকারী কোচের দায়িত্বে। ২০০৯ সালের সফরে এই স্ট্যানলিই হিথ স্ট্রিকের সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিয়েছিলেন। পুরোনো পরিচয়ের সূত্র ধরে টাইবুর সঙ্গে যোগাযোগের জন্য প্রথম সাহায্যটা চাইলাম তাঁর কাছে। টাইবুকে তাঁর নাম বলা যাবে না—এই শর্তে ফোন নম্বর দিলেন স্ট্যানলি। কিন্তু সে নম্বরে একবারই পাওয়া গেল টাইবুকে। পরিচয় দিতেই কেটে দিলেন ফোন। এরপর ওই নম্বরে অসংখ্যবার চেষ্টা করলেও ফোন ধরেননি টাইবু। পরে একই শর্তে আরেকটা নম্বর পাওয়া গেল জিম্বাবুয়ে ক্রিকেটের গ্রাফিক ডিজাইনার ট্যালেন্টের কাছ থেকে। এবার টাইবু কথা বললেন। হারারেতে নিজের ভাড়া করা বাড়িতেই ছিলেন তখন। আশাবাদী হওয়ার মতো খবর। একই শহরে যখন দেখা করতে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু ক্রিকেট তো বটেই, ক্রিকেট সাংবাদিকের ছায়াও সম্ভবত মাড়াতে চান না জিম্বাবুয়ের ক্রিকেট থেকে অনেক তিক্ত অভিজ্ঞতা অর্জন করা এই ক্রিকেটার। টেলিফোনে কেবল পরে আরেকবার টেলিফোন করারই সময় ঠিক করে দিলেন, দেখা করতে রাজি হলেন না। ব্যস্ততার জন্যই হোক কিংবা এড়িয়ে যাওয়ার জন্য, পরের কয়েকটা দিন টাইবু আর ফোন ধরলেন না। হারারেতে তাঁর সঙ্গে কথা বলতে ওই ‘হাই-হ্যালো’ পর্যন্তই।বুলাওয়েতে এসে আবারও চেষ্টা শুরু। যদি টেলিফোনে হলেও কথা বলা যায় টাইবুর সঙ্গে। মুঠোফোনে লম্বা এক বার্তা পাঠালাম। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন...সেখানে তিনি খুব জনপ্রিয়, তাঁর এখনকার জীবন সম্পর্কে সবাই জানতে চাই ইত্যাদি। কিন্তু অপর প্রান্তের নির্লিপ্ততা দেখে মনে হচ্ছিল, তাঁর কাছে এসবের আর কোনো অর্থ নেই। কিন্তু কেন? টাইবুর এমন গুটিয়ে যাওয়ার কারণ বন্ধু মাসাকাদজার কাছেও অস্পষ্ট, ‘অবসরের পর থেকেই তার সঙ্গে খুব বেশি যোগাযোগ হয়নি আমার। সে তার কাজ নিয়ে ব্যস্ত, আমিও খেলা নিয়ে আছি। আসলে খেলা ছাড়ার পর ক্রিকেটের কোনো কিছুর সঙ্গেই সে সম্পৃক্ত হতে চায় না। অবসরের বেশ কিছুদিন আগে আঙুলের চোটে পড়েছিল। এর পর থেকেই তাকে মাঠে খুব বেশি দেখিনি। ফিটনেস ট্রেনিংয়ের জন্যও আসত না। তখন থেকেই নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিতে শুরু করে।’ বন্ধুর সঙ্গে দূরত্বটা এই কয় মাসে এতই বেড়েছে যে টাইবুর গির্জার নামটাও ঠিক জানা নেই জিম্বাবুয়ে ওপেনারের, ‘আমি ঠিক জানি না...তবে সম্ভবত ইন্টারমিনিস্ট্রি চার্চ। এটা বুলাওয়ের কাছে। তবে বেশির ভাগ সময় ও হারারেতে থাকে।’ মাসাকাদজার পরিকল্পনা আছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে হারারেতে ফিরে দেখা করবেন টাইবুর সঙ্গে।কী আশ্চর্য, মাসাকাদজার সঙ্গে কথা বলার দুই দিন পরই হঠাৎ টাইবুর ফোন! জানালেন মুঠোফোন বার্তা পেলেও ফোন করার সময় পাননি। গলায় আন্তরিকতা, বাংলাদেশ সম্পর্কে আগ্রহ, ‘কী অবস্থা তোমাদের দেশের? বাংলাদেশ আমার অনেক ভালো লাগত। অনেক ভালো ভালো অভিজ্ঞতা আছে সেখানে।’ এখনকার টাইবু সম্পর্কেও জানালেন কিছু কথা, ‘চার্চে যাওয়া ছাড়াও পারিবারিক কিছু ব্যবসাপাতি আছে। সেগুলো দেখি। স্ত্রী-সন্তানদের নিয়ে সময় কাটাই।’কিন্তু ক্রিকেট থেকে একেবারেই নির্বাসনে চলে গিয়ে কি খেলাটাকে একটুও মিস করেন না? বুঝতে পারিনি, অনেক বড় ভুল ছিল এটা জিজ্ঞেস করা। ‘এ নিয়ে কথা নয়’—বলে সঙ্গে সঙ্গে কেটে দিলেন ফোনটা। এরপর এ প্রান্ত থেকে অসংখ্য চেষ্টা হলো আরেকবার তাঁকে পাওয়ার। শুধু রিংটোনই শোনা গেল, ‘হ্যালো’ আর কেউ বলল না।অনেক চেষ্টার পর তাঁকে পেয়েও আরেকটু কথা না বলার আফসোস রয়ে গেছে। তবে এখনকার টাটেন্ডা টাইবু আসলে কেমন, ক্রিকেট থেকে কতটাই দূরে সরে গেছেন, ক্রিকেটের কথা শুনে ফোনটা ওভাবে কেটে না দিয়ে বোধ হয় সেটা এত পরিষ্কারভাবে বোঝাতে পারতেন না তিনি। ধন্যবাদ, টাটেন্ডা টাইবু!