অবশেষে পাকিস্তানের অস্ট্রেলিয়া জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুবার বলা কথা। তবু পাকিস্তান ক্রিকেট যত দিন থাকবে, ‘আনপ্রেডিক্টেবল—অননুমানযোগ্য’ কথাটি তত দিনই বলেই যেতে হবে। ‘পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় নিশ্চয়তা হলো তাদের অনিশ্চয়তা’—সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইনের বলা কথাটির প্রমাণ যে তারা যুগ যুগ ধরে দিয়েই যাচ্ছে! আরও একবার দিল হেডিংলিতে, প্রায় ১৫ বছর পর অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়ে।এই জয়টিও এল আবার কখন? যখন অতীতের ধারায় আরও একটি ঝড়ে টালমাটাল পাকিস্তান ক্রিকেট। রক্ষাকর্তা হিসেবে এসে উল্টো দলকে মাঝসমুদ্রে রেখে চলে গেছেন অধিনায়ক। দায়িত্বে এলেন এমন একজন, যাঁকে এক টেস্ট আগেই হজম করতে হয়েছে সেই সময়ের অধিনায়কের সমালোচনা। তাঁর ডেপুটির আবার এক টেস্ট আগেই দলে জায়গা ছিল দোদুল্যমান। ৫০-এর বেশি টেস্ট খেলেছেন যে দলের মাত্র একজন, দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান খেলেছেন ৩৪ টেস্ট। অথচ এই দলটাই এমন এক কীর্তি করে ফেলল, যেটিকে শুধু দুঃসাধ্যই নয়, মনে হচ্ছিল অসম্ভব। এমন এক কীর্তি, যা তাদের অনেক বিখ্যাত পূর্বসূরিরা পারেননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়!কালকের জয়টিও এল চিরায়ত ‘পাকিস্তানি অনিশ্চয়তার’ রীতি মেনেই। আগের দিন শেষ বিকেলে পরপর দুটি উইকেট হারিয়েছিল পাকিস্তান। তার পরও শেষ দিনে ৪০ রান করার জন্য হাতে ছিল ৭ উইকেট, পাকিস্তানের জয়টাকে মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। অথচ এই ম্যাচটা তারা জিতল শুধু সমর্থকদের নয়, নিজেদের মনেও কাঁপন ধরিয়ে। মাত্র ৩ উইকেটে। কাল খেলা শুরুর ৫ ওভারের মধ্যে ফিরে যান আজহার আলী ও উমর আকমল। শোয়েব মালিক যখন মার্কাস নর্থের দারুণ এক ক্যাচের শিকার হলেন, পাকিস্তানের প্রয়োজন মাত্র ১৯ রান। কিন্তু এই রানটাকেই মনে হতে লাগল বহু দূরের পথ। কামরান আকমলের তিন চারে কাছে লক্ষ্য চলে আসে কাছে, জয়সূচক রানটি এনে দেওয়ার জন্য নামতে হয় উমর গুলকে।১৯৯৫ সালের নভেম্বরের পর এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতল পাকিস্তান, ম্যাচের হিসাবে ১৬ টেস্ট পর। হেরেছে সর্বশেষ ১৩টি, কোনো এক দলের বিপক্ষে হারের বিশ্বরেকর্ড। সর্বশেষ চার সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হতে হয়েছে ধবলধোলাই। হেডিংলির জয়ে এসব লজ্জার রেকর্ডে যতি বসিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ডটা ‘জঘন্য’ বলেই এত কথা। সব দলের বিপক্ষেই আসলে পাকিস্তানের অবস্থা ভয়াবহ। গত সাড়ে তিন বছর আর সর্বশেষ ১৯ টেস্টে এটি তাদের মাত্র দ্বিতীয় জয়!দারুণভাবে লড়াইয়ে ফিরেছে, কিন্তু অস্ট্রেলিয়ার হারটা শেষ পর্যন্ত প্রথম ইনিংসের ৮৮-এর কারণেই। বল এত বেশি মুভ করবে বুঝতে পারলে টস জিতে ব্যাটিং নিতেন না, জানালেন রিকি পন্টিং। হেডিংলির সাম্প্রতিক ইতিহাসটা মনে হয় জানা ছিল না অস্ট্রেলীয় অধিনায়কের। এই মাঠে গত দুই বছরের দুটি টেস্টেও প্রথমে ব্যাট করা দল ২০৩ ও ১০২ রানে গুটিয়ে গেছে, হেরেছে বড় ব্যবধানে। হায় পন্টিং! অধিনায়কত্বের এমন উজ্জ্বল রেকর্ড, কিন্তু ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয় বুঝি তাঁর আর হলোই না!