অবশেষে প্রথম পর্ব শেষ
দ্বিতীয়ার্ধের শুরুতেই আরামবাগের গোলরক্ষক শাওনকে তুলে নেন কোচ জাহিদুর রহমান। মাঠে নামেন বিপ্লব কুমার। অথচ কিছুদিন ধরে জন্ডিসে ভুগছেন আরামবাগের এই নিয়মিত গোলরক্ষক! শুধু বিপ্লবই নয়, পুরো আরামবাগ দলই অসুস্থ। ডায়রিয়া, জ্বর, জন্ডিস, চোট—সব মিলিয়ে সেরা একাদশ দাঁড় করাতেই ঘাম ছুটে যায়। এর পরও কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেনী সকারের সঙ্গে ১-১ গোলে ড্র করল আরামবাগ। কোচ খুশি। কারণ একেবারেই নিচে না থেকে লিগের প্রথম পর্ব শেষ তো করা গেছে।১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে থেকে লিগের প্রথম পর্ব শেষ করল আরামবাগ। ১০ পয়েন্ট পাওয়া ফেনী সকারের অবস্থান আটে। অথচ এই ম্যাচে ৩ পয়েন্ট নিয়েই ফিরতে পারত আরামবাগ। ১৪ মিনিটেই এলিটা কিংসলের ক্রস থেকে দলকে এগিয়ে নেন গুডউইন (১-০)। কিন্তু আরামবাগের আনন্দ বেশিক্ষণ থাকেনি। তিন মিনিট পরই চমৎকার হেডে গোল শোধ করেন রোলান্ড (১-১)। তবে ৫১ মিনিটে সকারের গোলরক্ষক আরিফুলকে একা পেয়েও হাস্যকরভাবে বল বারের ওপর দিয়ে মারেন কিংসলে। দ্বিতীয়ার্ধে অবশ্য গোল মিসের মহড়া ছিল দুই দলেরই। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে দুই দল। গত ১ ফেব্রুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি-বিজেএমসির ম্যাচ দিয়ে শুরু হয়েছিল এই মৌসুমের লিগের প্রথম পর্ব। ফেনী সকার-আরামবাগ দিয়ে প্রায় তিন মাস পর শেষ হলো তা। ১১ দলের প্রত্যেকেই খেলেছে ১০টি করে ম্যাচ। প্রাকৃতিক দুর্যোগ, হরতাল, সংবর্ধনা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান—নানা প্রতিবন্ধকতায় লিগের সূচি বদল হয়েছে একাধিকবার। দ্বিতীয় পর্ব কবে শুরু হবে সেটা নিয়ে অবশ্য কোনো মাথাব্যথা দেখা যাচ্ছে না ফেডারেশনের। কর্মকর্তারা ব্যস্ত নির্বাচনে। ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে দ্বিতীয় পর্ব শুরু করবে আবাহনী। ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মুক্তিযোদ্ধা। গোলদাতাদের তালিকার ওপরে কয়েকটি বিদেশি নাম। ৯ গোল করে আবাহনীর লাকি পল সবার ওপরে। ৭ গোল করা মোহামেডানের উইলকক্স দ্বিতীয় স্থানে। ৬ গোল করে তৃতীয় দুজন—মুক্তিযোদ্ধার সানডে সিজোবা ও শেখ জামালের কেস্টার। ৪ গোল করে স্থানীয়দের মধ্যে শীর্ষে মুক্তিযোদ্ধার স্ট্রাইকার জাহিদ হাসান (এমিলি)। প্রথম পর্বে হ্যাটট্রিক হয়েছে চারটি—সবগুলোই বিদেশিদের। প্রথমটি করেন মুক্তিযোদ্ধার সানডে, দ্বিতীয়টি আরামবাগের এলিটা কিংসলে, তৃতীয়টি আবাহনীর লাকি পল এবং সর্বশেষ হ্যাটট্রিক-হিরো রহমতগঞ্জের ইদ্রিস কাসারি।