অবশেষে পয়েন্ট পেল মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মুক্তিযোদ্ধা অবশেষে ঘুরে দাঁড়াল। টানা পাঁচ ম্যাচে পরাজয় দেখা দলটি কাল গোলশূন্য ড্র করেছে নারায়ণগঞ্জ শুকতারার সঙ্গে। মুক্তিযোদ্ধার মতো শুকতারার কাছেও এই একটা পয়েন্ট ছিল মহার্ঘ! ছয় ম্যাচে তৃতীয় ড্রয়ে শুকতারার পয়েন্ট দাঁড়াল ৩।নিষ্প্রাণ ও অগোছালো ম্যাচে গোল করার মতো পরিস্থিতি দূরে থাক, পোস্টেই শট নিতে পারেনি দুদল। সেই চেষ্টাও যেন ছিল না কারও মধ্যে! এটি দেখে জাতীয় ফুটবল দলের সদ্যনিযুক্ত কোচ জোরান জর্জেভিচ হতাশ হলেও কোনো মন্তব্যই করতে রাজি হলেন না। তবে ক্ষোভ প্রকাশ করলেন নিম্নমানের বিদেশিদের (শুকতারায় বিদেশি ছিল না, মুক্তিযোদ্ধায় ছিল দুজন) ব্যাপারে, ‘এই বিদেশিদের স্কিল, ফুটবল-জ্ঞান কিছুই নেই। ক্লাবগুলোর উচিত ভালো মানের বিদেশি খেলোয়াড় আনা, না পারলে তরুণদের সুযোগ দেওয়া উচিত।’ মুক্তিযোদ্ধার প্রধান কোচ গোলাম সারোয়ার টিপু অসুস্থ, এদিন দল পরিচালনার দায়িত্বে সহকারী কোচ আতিকুর রহমান। ম্যাচের পর বললেন, পয়েন্টের খাতা খুলতে পারায় সামনের ম্যাচগুলোয় তাদের আত্মবিশ্বাস বাড়বে। যদিও অবনমন ঠেকাতে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ।