অবশেষে বিদেশে প্রস্তুতি ম্যাচ
বিদেশি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা অনেক দিন ধরেই বলে আসছেন জাতীয় দলের প্রধান কোচ নিকোলা ইলিয়েভস্কি। অনেক দেরিতে হলেও সে ব্যবস্থা করতে পেরেছে ফুটবল ফেডারেশন। কাল বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘দিল্লিতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে যাওয়ার আগে আরও অন্তত পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। এর মধ্যে দেশে ও কলকাতায় দুটি করে এবং মালয়েশিয়ায় একটি ম্যাচ হবে।’ বাংলাদেশ মালয়েশিয়ায় খেলবে কোনো ভালো মানের ক্লাব দলের সঙ্গে। নামটা নিশ্চিত করতে পারেননি বাফুফের সভাপতি।আফ্রিকা একাদশ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে দুটি ম্যাচ খেলে মালয়েশিয়ায় যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেখানে ২২ নভেম্বর খেলার পর কলকাতায় ২৬ নভেম্বর শাজাহান সমিতির বিপক্ষে এবং ২৮ নভেম্বর আই লিগের দল চিরাগ ইউনাইটেডের বিপক্ষে খেলবে।শেষ মুহূর্তে এসব প্রস্তুতি ম্যাচে খেলে যে দলের খুব একটা উন্নতি হবে, তা মনে করেন না সালাউদ্দিন, ‘একটা প্রস্তুতি ম্যাচ খেলে এলেই খেলোয়াড়দের উন্নতি হবে, সেটা ঠিক নয়। এসব ম্যাচ খেলে আমরা ট্যাকটিক্যাল ভুলগুলো দেখে নিতে পারব। পরের ম্যাচে যেটা কাজে লাগবে।’