অবশেষে বিসিবিতে নতুন সিইও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে প্রায় আড়াই বছর পর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খুঁজে পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন প্রধান নির্বাহীর নাম মঞ্জুর আহমেদ। আপাতত এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তাঁকে। ঢাকা লিগের সাবেক ক্রিকেটার মঞ্জুর আহমেদ ১৬ বছর ধরে ব্রুনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন।২০০৮ সালের ১৬ ফেব্রুয়ারি বিসিবির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকে বোর্ড চলছে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী দিয়ে। বিসিবির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নিজামউদ্দিন চৌধুরী পালন করছেন এ দায়িত্ব। এর আগে আরও দুবার প্রধান নির্বাহী নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও মাঝপথে তা থেমে যায়।সর্বশেষ গত জানুয়ারিতে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর আবেদনকারীদের মধ্য থেকে সাক্ষাৎকারে ডাকা হয়েছিল চারজন প্রার্থীকে। তাঁদের মধ্যে সাক্ষাৎকার দেন মঞ্জুর আহমেদসহ তিন প্রার্থী। মঞ্জুরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের পর তাঁকে নিয়োগপত্র দিয়ে দিয়েছে বিসিবি। মঞ্জুরও বিসিবিতে যোগ দেওয়ার ব্যাপারে তাঁর সম্মতি জানিয়েছেন। বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস মঞ্জুর আহমেদকে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘মঞ্জুর আহমেদ বর্তমানে আরেকটি বোর্ডে দায়িত্ব পালন করছেন, পুরোনো দায়িত্ব বুঝিয়ে দিতে তিনি কিছুদিন সময় চেয়েছেন। আশা করছি, আগামী ১ সেপ্টেম্বর তিনি বিসিবির প্রধান নির্বাহীর দায়িত্ব বুঝে নেবেন।’উইকেটরক্ষক-উদ্বোধনী ব্যাটসম্যান মঞ্জুর আহমেদ ঢাকার ক্রিকেটে খেলেছেন ১৯৭০-৮০-এর দশকে। বেশি খেলেছেন মোহামেডানের হয়েই। বুয়েট থেকে যন্ত্র প্রকৌশলে পড়াশোনা শেষ করার পর নিয়েছেন এমবিএ ডিগ্রি। তাঁর ছোট ভাই জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক নাসির আহমেদ (নাসু) প্রায় নয় বছর ধরে জাতীয় দলের কম্পিউটার বিশ্লেষক হিসেবে কাজ করছেন।