অবশেষে ব্রাদার্সের জয়ের স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ষষ্ঠ হার। ব্রাদার্সের ইতিহাসে এমন দুঃসময় কখনো আসেনি। কাল সপ্তম ম্যাচে এসে অবশেষে প্রথম জয় দেখল ব্রাদার্স। বহুকাঙ্ক্ষিত জয়টি এসেছে আরামবাগের বিপক্ষে (২-০)। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্স প্রথম গোলটি পায় পেনাল্টি থেকে। ১৯ মিনিটে ওই গোল করেন কিংসলে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন ব্রাদার্সেরই আশরাফুল করিম। ১০ জন নিয়েও দলটি দ্বিতীয় গোল পায় ৬০ মিনিটে, যেটি করেছেন কিংসলে।এবারের বাংলাদেশ লিগে অবনমন অঞ্চলে এখন তিনটি দল একই সমান্তরালে। ফেনী সকার, ব্রাদার্স ও আরামবাগের পয়েন্ট সমান ৩। তিন দলই খেলেছে ৭টি করে ম্যাচ। অন্যবার ছোট দলগুলো বড়দের কাছ থেকে পয়েন্ট কাড়ে, কিন্তু এবার এই ব্রাদার্সের মতো দলও অস্তিত্ব-সংকটে পড়ে গেছে। শেষ পর্যন্ত কার ঘাড়ে পড়বে অবনমনের কোপ, সেটিই এখন আলোচনার বিষয়। ম্যাচের পর কাল সংবাদ সম্মেলনে আসেননি ব্রাদার্সের কোচ লাডি বাবালোলা। হয়তো সময়টা একটু একাকী কাটাতে চেয়েছেন। টানা ছয় হারে মানসিকভাবে এই নাইজেরিয়ানের বিধ্বস্ত থাকারই কথা।সহকারী কোচ আরিফুর রহমান (পান্নু) বললেন, ‘অবশেষে বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকালেন।’আরামবাগের কোচ শাহাদাত হোসেন সাত ম্যাচে দলের ষষ্ঠ হারে অবনমন নিয়ে পড়ে গেছেন চিন্তায়, ‘এই ম্যাচে একটা পয়েন্ট পেলে আমাদের ভালো হতো। কিন্তু পেলাম না। মনে হচ্ছে, টিকে থাকা এবার কঠিনই হবে আমাদের জন্য।’বাংলাদেশ লিগে আজ থেকে বিরতি। ১৭ জানুয়ারি আরামবাগ-বিজেএমসি ম্যাচ দিয়ে আবার মাঠে গড়াবে খেলা।