অবশেষে ভারতের ভিসা পেলেন আজহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএল ফ্র্যাঞ্চাইজ কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলতে আর কোনো বাধা রইল না আজহার মাহমুদের। দলে যোগ দিতে পাকিস্তান বংশগত ব্রিটিশ এই নাগরিকের সামনে বাধা হয়ে ছিল ভারতের ভিসা। সেই ভিসা অবশেষে পেয়ে গেছেন আজহার।খবরটা জানিয়েছেন পাঞ্জাবের কোচ অ্যাডাম গিলক্রিস্ট। পিটিআই জানায়, সাংবাদিকদের গিলক্রিস্ট বলেন, ‘আমাকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে, আজহার ভিসা পেয়েছে।’ পাঞ্জাব কোচ আশা প্রকাশ করেন, খুব শিগগির দলের যোগ দেবেন আজহার।২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে খেলেছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। কিন্তু ওই বছরের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ থাকে। পাকিস্তানিদেরও আর দেখা যায়নি আইপিএলে। এবার অবশ্য ধারাভাষ্যকার হিসেবে আইপিএলে আছেন পাকিস্তানের রমিজ রাজা। অলরাউন্ডার আজহারকে দুই লাখ ডলারে পাঞ্জাব কেনে তাঁর ব্রিটিশ পাসপোর্ট থাকায়। কিন্তু এত দিন ভারত সরকার ভিসা না দেওয়ায় এখন পর্যন্ত পাঞ্জাব দলেই যোগ দিতে পারেননি ৩৭ বছর বয়সী আজহার।ভিসা জটিলতায় হতাশা প্রকাশ করে গত বুধবার গিলক্রিস্ট বলেছিলেন, ‘আজহারকে ভিসা দেওয়া, না দেওয়া সরকারের ব্যাপার। সব ম্যাচে আজহার খেলতে পারবেন, এমন নিশ্চয়তা পেয়েই তাঁকে দলে নিয়েছিলাম আমরা। অথচ এখন পর্যন্ত আজহারকে পাইনি আমরা। এটা আসলে আমাদের হাতে নেই। ও দারুণ একজন ক্রিকেটার। আমরা ওকে ভীষণ মিস করছি।’