অবশেষে মাশরাফিকে ছাড়াই টেস্ট দল
মাশরাফি বিন মুর্তজাকে ছাড়াই আজ ঘোষিত হচ্ছে জিম্বাবুয়ে সিরিজের টেস্ট দল। মাশরাফির ফেরা না হলেও পাঁচ বছর পর টেস্ট দলে ফিরছেন আরেক পেসার সাজেদুল ইসলাম। শ্রীলঙ্কায় খেলা টেস্ট দলের খেলোয়াড়দের মধ্যে থাকছেন না এইচএসসি পরীক্ষার্থী এনামুল হক (বিজয়), চোট-আক্রান্ত আবুল হাসান, মার্শাল আইয়ুব ও ইলিয়াস সানি।জিম্বাবুয়ে সফর দিয়ে মাশরাফিকে টেস্টে ফেরার প্রস্তাব দিয়েছিলেন প্রধান নির্বাচক আকরাম খান। মাশরাফিও দেখিয়েছিলেন ইতিবাচক মনোভাব। কিন্তু বিসিবির ফিজিও-চিকিৎসকদের দৃষ্টিতে গোড়ালির চোটে ভোগা মাশরাফি এ মুহূর্তে টেস্ট খেলার মতো যথেষ্ট ফিট নন। বিশ্বস্ত সূত্রের তথ্য, শেষ পর্যন্ত মেনে নিতে হয়েছে তাঁদের পরামর্শই। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মাশরাফির খেলার সম্ভাবনা যথেষ্টই আছে।মাশরাফি ফিরতে চেয়েও ফিরতে পারলেন না। নাজমুল-আবুল হাসান চোট নিয়ে মাঠের বাইরে। এমন পেসার-সংকট আবারও জাতীয় দলের দরজা খুলে দিচ্ছে সাজেদুলের জন্য। ২০০৮-এর নিউজিল্যান্ড সফরে খেলা দুটি টেস্টই এখন পর্যন্ত তাঁর টেস্ট অভিজ্ঞতা। ওই বছরই চোট পাওয়া সৈয়দ রাসেলের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকা গেলেও খেলা হয়নি কোনো ম্যাচ।শ্রীলঙ্কা সফরের দলে থাকলেও চোট-আঘাতের কারণে শেষ পর্যন্ত যাওয়া হয়নি এনামুল হক জুনিয়র, শাহরিয়ার নাফীস ও নাঈম ইসলামের। এই তিন জনের মধ্যে জিম্বাবুয়ে সফরের টেস্ট দলে দেখা যেতে পারে এনামুল ও শাহরিয়ারকে। আর শিনবোনের চোট কাটিয়ে ফেরা সাকিব আল হাসান তো আছেনই।জিম্বাবুয়ে সফরের সম্ভাব্য টেস্ট দল: তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, জহুরুল ইসলাম, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, মমিনুল হক, নাসির হোসেন, মাহমুদউল্লাহ, সোহাগ গাজী, এনামুল হক জুনিয়র, রুবেল হোসেন, শাহাদাত হোসেন, রবিউল ইসলাম ও সাজেদুল ইসলাম।