অবশেষে মিলছে বিপিএলের টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযোগ গুরুতর। বিপিএল শেষ হওয়ার দুই মাস পরও ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে প্রতিশ্রুত পারিশ্রমিক পাননি ক্রিকেটাররা। এ নিয়ে দেশে-বিদেশে সমালোচিত হয়েছে বিপিএল এবং বিসিবি। তবে আশার কথা, বিপিএল গভর্নিং কাউন্সিল অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়ার পর প্রায় সব ফ্র্যাঞ্চাইজিই খেলোয়াড়দের টাকা পরিশোধ করতে উদ্যোগী হয়েছে।চিটাগং কিংস দাবি করেছে, বিদেশি খেলোয়াড়দের টাকাপয়সা শতভাগ পরিশোধ করে দিয়েছে তারা। ফ্র্যাঞ্চাইজির মিডিয়া ম্যানেজার আতিফ আযম কাল বলেছেন, ‘কিছুদিন আগে বোর্ড সভাপতির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সভার দিন বিদেশি খেলোয়াড়দের পাওনা পরিশোধ-সংক্রান্ত একটা তালিকা জমা দিয়েছি আমরা। আমাদের জানামতে, বিপিএল গভর্নিং কাউন্সিল এখন এই তালিকা যাচাই করে দেখবে।’চুক্তি অনুযায়ী বিপিএল শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে খেলোয়াড়দের পুরো অর্থ পরিশোধ করার কথা ছিল ফ্র্যাঞ্চাইজিদের। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজিই মানেনি এই শর্ত। খেলোয়াড়দের টাকাপয়সা নিয়ে এই অনিশ্চয়তায় উদ্বেগ প্রকাশ করেছিল আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকাও। এরপর বিপিএল গভর্নিং কাউন্সিল অর্থ পরিশোধের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে জানায়, বিদেশি খেলোয়াড়দের টাকা ৯ মের মধ্যে এবং দেশি খেলোয়াড়দের টাকা ৩১ মের মধ্যে পরিশোধ করতে হবে।চিটাগং কিংসের মতো বরিশাল বার্নার্স এবং খুলনা রয়েল বেঙ্গলসও বলছে, বিদেশি খেলোয়াড়দের টাকা আর বাকি নেই। প্রথম বিপিএলের রানার্সআপ বরিশাল বার্নার্সের পরিচালক তুহিন রেজার দাবি, ‘বিদেশি সব খেলোয়াড়ের টাকা পরিশোধ হয়ে গেছে। আমরা আজই (গতকাল) এটা শেষ করেছি।’ খুলনার কর্মকর্তা চৌধুরী খালেদ মাসুদও বলেছেন একই কথা, ‘আরও দুই-তিন দিন আগেই আমাদের সব ক্লিয়ার হয়ে গেছে। দেশি খেলোয়াড়দের টাকাও বেশির ভাগ দেওয়া হয়েছে। আশা করছি, ৩১ মের মধ্যেও বাকিটাও হয়ে যাবে।’চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক সেলিম চৌধুরীকে টেলিফোনে পাওয়া যায়নি। দেশের বাইরে আছেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজির মিডিয়া ম্যানেজার মিনহাজউদ্দিন খান জানিয়েছেন, বিদেশি খেলোয়াড়দের প্রায় পাওনাই পরিশোধ করে ফেলেছেন তাঁরা। সূত্র জানিয়েছে, বকেয়া আছে কেবল ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও পাকিস্তানের শহীদ আফ্রিদির কিছু টাকা। এটাও শোধ হয়ে যাবে চলতি মাসেই।পিছিয়ে নেই দুরন্ত রাজশাহীও। ফ্র্যাঞ্চাইজি মালিক মুশফিকুর রহমান জানিয়েছেন, এক মারলন স্যামুয়েলস ছাড়া সব বিদেশির টাকাই পরিশোধ করে ফেলেছেন তাঁরা। স্যামুয়েলসের প্রায় সব টাকাই দেওয়া হয়ে গেছে। ‘আমরা ৯০ শতাংশ টাকা পরিশোধ করেছি। সামান্য যা বাকি আছে সেটাও অচিরেই দিয়ে দেওয়া হবে’—বলেছেন মুশফিকুর রহমান।শুরুতে এগিয়ে থাকলেও বিদেশিদের টাকা পরিশোধে এখন সবচেয়ে পিছিয়ে সিলেট রয়্যালস। তাদের সব বিদেশিরই ২৫ শতাংশ টাকা এখনো বকেয়া। তবে ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার ওয়াসিম খান আশ্বাস দিয়েছেন, ‘টাকা পাঠানোর প্রক্রিয়াটার জন্য দু-তিন দিন সময় লাগে। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে সব টাকা শোধ হয়ে যাবে।’ফ্র্যাঞ্চাইজিদের দাবির সঙ্গে মিল আছে বিপিএল গভর্নিং কাউন্সিল প্রধান গাজী আশরাফ হোসেনের, ‘সিলেট রয়্যালস ছাড়া বাকি সবার কাছ থেকেই আমরা ফিডব্যাক পেয়েছি। আমাদের জানামতে, অনেক খেলোয়াড়ই এর মধ্যে টাকা পেয়ে গেছে। আমরা আশাবাদী, আগামী সোমবারের মধ্যে খেলোয়াড় এবং এজেন্টদের কাছ থেকে এ ব্যাপারে চূড়ান্ত রিপোর্ট পাব।’ গাজী আশরাফ আশ্বাস দিয়েছেন, বিদেশিদের পাওনা পরিশোধ হয়ে গেলে দেশি ক্রিকেটারদের অর্থ পরিশোধের জন্যও ফ্র্যাঞ্চাইজিগুলোর ওপর চাপ অব্যাহত রাখবেন তাঁরা।সূত্র জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলো যেভাবে অর্থ পরিশোধের প্রতিবেদন জমা দিচ্ছে তাতে আস্থা রাখতে পারছে না বিপিএল গভর্নিং কাউন্সিল। প্রতিবেদনের স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী শনিবারের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের নামাঙ্কিত প্যাডে মালিকপক্ষের স্বাক্ষরসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ক্রিকেটার এবং তাদের এজেন্টদের মাধ্যমে সেই প্রতিবেদনের সত্যতা যাচাই করে দেখা হবে। কোনো গরমিল পেলে খেলোয়াড়দের অর্থ পরিশোধের দায়িত্ব কাউন্সিলই নিয়ে নেবে।