
তাহলে কি এভাবেই মেসির বিশ্বকাপ শুরু হবে? ক্লাবের হয়ে মৌসুমের শেষ দিকে নিজের ছায়া হয়ে থাকার সমালোচনা বয়ে, প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে একটাও গোল না করে?
লা প্লাতায় আর্জেন্টাইন অধিনায়ককে বেঞ্চে রেখে যখন স্লোভেনিয়ার বিপক্ষে একাদশ সাজালেন কোচ সাবেলা, সমর্থকদের মনে এই প্রশ্নগুলো ঘুরপাক খেয়েছেই। হতে পারেন তিনি সময়ের অন্যতম সেরা ফুটবলার, যেকোনো সময় যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে গোল করাটা তাঁর জন্য খুব সহজ। কিন্তু বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসটা আরেকটু চাঙা করতে দেশের হয়ে গোলও তো দরকার। যত দারুণই খেলুন, গত বছর সেপ্টেম্বরে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটার পর থেকে যে গোলের দেখাই পাচ্ছিলেন না মেসি।
সমর্থকদের মনের কথাটাই যেন শুনলেন আর্জেন্টাইন কোচ। ৫৮ মিনিটে তাই মাঠে নামালেন তাঁর অধিনায়ককে। ম্যাচে তখন আর্জেন্টিনা এগিয়ে প্রথমার্ধে রিকার্ডো আলভারেজের করা একমাত্র গোলে। মাঠে নেমে গোল করতে মেসির সময় লাগল ২০ মিনিটেরও কম। ৭৬ মিনিটে ডি মারিয়ার ক্রস থেকে আগুয়েরোর হেড। সেখান থেকে বল পেয়ে সেটা জালে জড়াতে ভুল করলেন না বার্সেলোনা ফরোয়ার্ড। দেশের হয়ে তাঁর ৩৮তম এবং বছরের প্রথম গোলে শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতল ২-০ ব্যবধানে। তবে আর্জেন্টাইন সমর্থকদের কাছে জয়ের চেয়েও বড় প্রাপ্তি হচ্ছে নীল-সাদা জার্সিতে মেসির গোলে ফেরা। এটা যে তাঁর নিজের জন্যও স্বস্তির, মেসি বললেন ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে, ‘আমি আনন্দিত। ম্যাচের কিছুটা সময় হলেও খেলতে চেয়েছিলাম।’
শুধু মেসি নন, আগুয়েরো, ডি মারিয়া, হিগুয়েইন ও গ্যাগোকে ছাড়াই পরশু একাদশ সাজিয়েছিলেন সাবেলা। হয়তো মূল লড়াইয়ে নামার আগে রিজার্ভ বেঞ্চটাকেও বাজিয়ে দেখতে চাইছিলেন। কোচকে অবশ্য নিরাশ করেননি আলভারেজ-এজেকিয়েল লাভেজ্জি আর ম্যাক্সি রদ্রিগেজরা। আলভারেজ তো গোলই পেয়েছেন, দারুণ খেলেছেন রদ্রিগেজ, লাভেজ্জিও। পরে বদলি হিসেবে নেমে আক্রমণে আরও শাণ দিয়েছেন ডি মারিয়া-আগুয়েরো আর মেসিরা। শেষ দিকে ডি মারিয়াকে দারুণ একটা গোলের সুযোগ করে দিয়েছিলেন মেসিও। তবে সেটা কাজে লাগাতে পারেননি রিয়াল মাদ্রিদ উইঙ্গার। সব মিলিয়ে প্রস্তুতিতে সন্তুষ্ট হয়েই দল নিয়ে ব্রাজিল যাচ্ছেন আর্জেন্টাইন কোচ। বললেন, ‘এখন আর গা-ছাড়া হওয়ার কোনো সুযোগ নেই। সময় যত ঘনিয়ে আসছে খেলোয়াড়দের রোমাঞ্চও তত বাড়ছে। আমি নিজেও কখনো বিশ্বকাপে কোচ ছিলাম না। ১৯৯৮ বিশ্বকাপে ড্যানিয়েলের (প্যাসারেলা) সহকারী হিসেবে কাজ করেছি শুধু।’
শিরোপা ছাড়া মেসি অন্য কিছু ভাবছেনও না, ‘এখন আসল সময় চলে এসেছে। প্রীতি ম্যাচগুলো শেষ। আর আমরা ব্রাজিল যাচ্ছি অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে। সাবেলা যেমনটা চেয়েছেন, আমরা ঠিক সেভাবেই কাজ করেছি। দলটা অনেক ঐক্যবদ্ধ আর শক্তিশালী এবং আমাদের সবার একটাই স্বপ্ন।’ রয়টার্স৷