অবশেষে যাচ্ছেন প্রধান নির্বাচক
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয় থেকে নিয়মিত কোলাহলটা বেশ কিছুদিন ধরেই উধাও। থাকবে কী করে? খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট সদস্যদের সঙ্গে বিসিবির অনেক পরিচালক আর বেতনভুক্ত কর্মকর্তারাও যে আছেন ‘বিশ্বকাপ ছুটি’তে! অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ভেন্যু আর হোটেলগুলো হয়ে উঠেছে বিসিবির একেকটি ক্ষুদ্র সংস্করণ। তবে একটা অপূর্ণতা ছিলই। ক্রিকেট বোর্ড থেকে এত লোক বিশ্বকাপে গেলেও তাঁদের মধ্যে ছিলেন না নির্বাচক কমিটির কোনো প্রতিনিধি।
অবশেষে দূর হচ্ছে সে অপূর্ণতাও। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়ান এয়ারলাইনসের আগামীকাল দুপুরের ফ্লাইটেই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। আপাতত গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ দেখতেই যাচ্ছেন তিনি। বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে উঠলে থাকতে পারেন পরের ম্যাচগুলোতেও।
শুরুতে ফারুকের বিশ্বকাপে যাওয়ার কথা ছিল টিম ম্যানেজমেন্টের অংশ হয়ে। সে অনুযায়ী তাঁর ভিসার আবেদন করা হলেও রহস্যজনক কারণে শেষ পর্যন্ত প্রধান নির্বাচকের যাত্রা বাতিল করে বিসিবি। তবে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের আগে তাঁর অস্ট্রেলিয়া যাওয়ায় থিংক ট্যাঙ্কের শক্তি বাড়বে।
টেলিভিশন দর্শক থেকে ফারুক মাঠের দর্শক হয়ে যাবেন ৯ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেই। তার আগে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়টাকে অনেক বড় করে দেখছেন প্রধান নির্বাচক, ‘গুরুত্বপূর্ণ একটা ম্যাচের আগে এমন দাপুটে জয় ছেলেদের আত্মবিশ্বাস বাড়াবে। সাকিব, মুশফিক, সাব্বির—প্রয়োজনের সময় দারুণ ব্যাটিং করেছে সবাই।’ তবে বোলিং নিয়ে তিনি কিছুটা যেন অতৃপ্ত। বিশ্বকাপের উইকেটগুলোর ব্যাটিং-বান্ধব চরিত্রের কথা মাথায় রেখেই বললেন, ‘আমার মনে হয় বোলিংটা আরেকটু পরিকল্পনা করে করা যেত। নতুন বলে স্পিনার এনে ওদের চমকে দেওয়ার পরিকল্পনা যেহেতু ছিলই, দলে আরেকজন বাঁহাতি স্পিনারকে নেওয়া উচিত ছিল।’ অবশ্য কালই প্রথম ম্যাচ খেলতে নামা নাসির প্রশংসা পেয়েছেন প্রধান নির্বাচকের, ‘বল হাতে নাসির ভালো ভূমিকা রেখেছে। নিয়মিত বোলার না হয়েও ৫ ওভার বল করে ৩২ রানে ২ উইকেট নিয়ে সময়ের দাবি মিটিয়েছে সে।’