অবশেষে রিয়ালে গ্যারেথ বেল
পর্দা পড়ল গ্যারেথ বেল নাটকের। শেষ পর্যন্ত টটেনহামের ওয়েলশ উইঙ্গারকে দলে টানল রিয়াল মাদ্রিদ। বেলের সঙ্গে ছয় বছরের চুক্তি করেছে রিয়াল। স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি গতকালই নিশ্চিত করেছে খবরটি। নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘গ্যারেথ বেলের দলবদল নিয়ে রিয়াল মাদ্রিদ ও টটেনহাম একটি সমঝোতায় পৌঁছেছে। এই খেলোয়াড় (বেল) ক্লাবের সঙ্গে থাকবেন আগামী ছয় বছর।’
ঠিক কত টাকায় সমাধা হয়েছে ট্রান্সফার, জানাতে অস্বীকার করেছে রিয়াল-টটেনহাম দুই ক্লাবই। তবে সাধারণে ধারণা, বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ই হতে যাচ্ছেন বেল। গত সপ্তাহে বেলের সাবেক কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস বলেছিলেন, তাঁর ক্লাব বেলের জন্য বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফি-ই পেতে যাচ্ছে। কিন্তু গত শুক্রবার স্পেনের ক্রীড়া দৈনিক এএস দাবি করে, রিয়াল ৯১ মিলিয়ন ইউরো দেবে টটেনহামকে। যেটা ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনতে যে খরচ হয়েছিল, তা থেকে তিন মিলিয়ন ইউরো কম। তবে রিয়াল তো ১০০ মিলিয়ন ইউরোই খরচ করতে রাজি ছিল বেলকে পেতে।
প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার পর আজ বিকেলেই বেলকে সংবাদমাধ্যম ও সমর্থকদের সামনে হাজির করছে রিয়াল।
এদিকে বেল টটেনহামের ওয়েবসাইটে বিদায়ী বার্তা দিয়েছেন ভক্ত-সমর্থকদের, ‘আমি ক্লাবের সবাইকে, চেয়ারম্যান, বোর্ড, স্টাফ, কোচদের ও খেলোয়াড়কে ধন্যবাদ দিতে চাই। আর ধন্যবাদ দিতে চাই সেই সব অসাধারণ সমর্থককে। আশা করছি, তাঁরা বুঝতে পারবেন ক্যারিয়ারের উন্নতির কী দারুণ সুযোগটাই না আমি পেয়েছি।’
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়াটাকে বেল বর্ণনা করেছেন স্বপ্ন সত্যি হওয়ার সঙ্গে, ‘আমি জানি অনেক খেলোয়াড়ই বাল্যকালের স্বপ্নের ক্লাবে যোগদানের আকাঙ্ক্ষার কথা বলে। যাই হোক আমি মনপ্রাণ থেকেই বলতে পারি আমার স্বপ্ন সত্যি হলো। তবে টটেনহাম সব সময়ই আমার হূদয়ে থাকবে এবং আশা করছি এই মৌসুমে দলটি ভালো করবে।’
২৪ বছর বয়সী বেল ২০০৭ সালে সাউদাম্পটন থেকে এসেছিলেন টটেনহামে। এএফপি।