অবশেষে রোনালদোর গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫ ম্যাচে ৩৩ গোল। গতবার স্পেনের ফুটবল মেসি-দ্যুতিতে এতটাই উজ্জ্বল ছিল, ক্রিস্টিয়ানো রোনালদোকে সেভাবে নজরেই পড়েনি। ইনজুরি-আক্রান্ত মৌসুমেও এই পর্তুগিজ কিন্তু ৩৩ গোল করেছিলেন। তবে ব্যক্তিগত সাফল্য ম্লান হয়ে গিয়েছিল দলীয় ব্যর্থতায়।নতুন কোচ হিসেবে হোসে মরিনহো আসার পর বলাবলি হচ্ছিল, রোনালদো এবার তাঁর ক্যারিয়ারের সোনালি সময় পার করবেন। মরিনহো-রোনালদো দুজনই একই দেশের। রোনালদোর ভেতর থেকে সেরাটা বের করে নিয়ে আসার দাওয়াইও মরিনহোর জানা। কিন্তু কোথায় কী, মৌসুমের শুরুতে ‘গোল’ জিনিসটা সোনার হরিণ হয়ে গেল রোনালদোর জন্য। আগের দুই মৌসুমে প্রতিপক্ষের ডি-বক্স এলাকায় রোনালদোর পায়ে বল গেলে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ত। কিন্তু এবার রোনালদো বারবার ঠোক্কর খেয়েছেন অখ্যাত ডিফেন্ডারদের দেয়ালেও।শুধু ডিফেন্ডার নয়, ভাগ্যও যেন অদৃশ্য রক্ষণদেয়াল তুলে দাঁড়িয়েছিল তাঁর সামনে। না হলে আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে গোলে ১১টি শট নিয়েও কেন গোলের দেখা পাবেন না রোনালদো? রোনালদো একের পর এক শট নিচ্ছেন—এর পরের দৃশ্যটাই কোমরে হাত দিয়ে হতাশা হয়ে তাঁর দাঁড়িয়ে থাকা। কখনো অনুযোগ জানানো ঈশ্বরের কাছে, কখনো বা বিরক্তিতে গাল দিচ্ছেন নিজেকেই।সেই রোনালদো অবশেষে গোল পেলেন। রিয়ালের হয়ে সর্বশেষ গোল করেছিলেন গত মে মাসে, অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লিগে। বিশ্বকাপেও উত্তর কোরিয়ার বিপক্ষে গোল-বন্যার ম্যাচে দলের ষষ্ঠ গোলটি করেছিলেন। এরপর প্রতিযোগিতামূলক ম্যাচে রোনালদো বল পাঠালেন পরশু রিয়াল সোসিয়েদাদের জালে। যে ভাগ্য তাঁকে ধোঁকা দিয়ে এসেছিল, সেই তিনিই গোল পেলেন ভাগ্যের ছোঁয়ায়। জোরালো ফ্রি-কিক সতীর্থ পেপের মাথায় লেগে দিক পরিবর্তন করে ঢুকে গেছে জালে। ৭৪ মিনিটে পাওয়া এই গোলটিই শেষ পর্যন্ত ২-১-এ জিতিয়ে রিয়াল মাদ্রিদকে এনে দিয়েছে ৩ পয়েন্ট। লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে তারা।গোলটা রোনালদোর জন্য খুবই জরুরি হয়ে উঠেছিল। চাপ বাড়ছিল। ঘরে-বাইরে দুয়ো শুনছিলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়টি। মাঠে রোনালদোর ভাবভঙ্গিও বলে দিচ্ছিল, কতটা মরিয়া হয়ে উঠেছেন গোলের জন্য। আয়াক্স ম্যাচের পর জাবি আলোনসো তো বলেই দিলেন, রোনালদোর এতটা অধৈর্য হওয়ার কিছু নেই, ‘গোল ও পাবেই। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’অবশেষে নিজে তো বটেই, দলকেও স্বস্তি দিয়ে জাল খুঁজে পেলেন রোনালদো। অবশ্য রিয়ালের মহাপরিচালক হোর্হে ভালদানো জানিয়েছেন, রোনালদোর গোল পাওয়া না-পাওয়া নিয়ে নাকি মোটেও উদ্বেগে ভোগেননি তাঁরা। রোনালদোকে তাঁর মতোই থাকতে দিতে চায় রিয়াল, ‘ক্রিস্টিয়ানো তো ক্রিস্টিয়ানোই। আমরা চাই না ও বদলে যাক। ওর যে ব্যক্তিত্ব, সেটাই ওকে বিশ্বের সেরাদের একজন বানিয়েছে।’