অবশেষে শুরু বিচারকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষার শুরু বিপিএল ফিক্সিং নিয়ে আকসুর তদন্ত প্রতিবেদনে ৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ওঠার দিন থেকেই। প্রায় তিন মাস পর অভিযুক্তদের বিচারকাজ শুরুর প্রক্রিয়া শুরু হলো। শৃঙ্খলাবিষয়ক প্যানেলের ১১ সদস্যের নাম বিসিবি কাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়ার আগেই এটির প্রথম সভা হয়ে গেছে।
প্যানেলের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আবদুর রশীদ। বাকি ১০ সদস্যের মধ্যে বিভিন্ন শ্রেণী থেকে নির্দিষ্টসংখ্যক প্রতিনিধি নেওয়ার বাধ্যবাধকতা ছিল। সাবেক ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে শাকিল কাসেম, ফখরুল হাসান, মাহমুদুল হাসান (সাজু) ও মাহবুব হোসেনকে (নান্টু)। তাঁরা প্রত্যেকেই সত্তর-আশির দশকের ক্রিকেটার।
এই প্যানেলের কাঠামো অনুযায়ী বিচার বিভাগ থেকে আছেন সুপ্রিম কোর্টের সাবেক দুই বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও শেখ রেজওয়ান আলী এবং সাবেক জেলা ও সেশন জজ এস কে এম আনিসুর রহমান খান। আছেন সুশীল সমাজের তিন প্রতিনিধি আইনজীবী আজমামুল হোসেন কিউসি, ব্যারিস্টার নিহাদ কবীর ও কবি নির্মলেন্দু গুণ। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘শৃঙ্খলাবিষয়ক প্যানেলকে প্রাথমিকভাবে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্নীতি দমন নীতি অনুযায়ী তাঁরা তাঁদের কার্যক্রম পরিচালিত করবেন।’
প্যানেলের কার্যক্রম পরিচালিত হবে গুলশানের নাভানা টাওয়ারে অবস্থিত বিসিবির সাবেক কার্যালয় থেকে। তবে প্যানেলের সদস্যরা কাল প্রথম সভায় বসেছিলেন রাজধানীর একটি হোটেলে। প্রথম সভাতে মূলত একে অন্যের সঙ্গে পরিচিত হয়েছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে প্যানেলের প্রধান সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রশীদ জানিয়েছেন, ‘প্রথম সভাটি পরিচিতিমূলক ছিল। প্যানেলের পরবর্তী সভা হবে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। তবে ট্রাইব্যুনাল গঠনের কাজটি আশা করছি দু-তিন দিনের মধ্যে হয়ে যাবে। এরপরই ট্রাইব্যুনাল কাজ শুরু করবে।’ শৃঙ্খলাবিষয়ক প্যানেলের তিন বিভাগ থেকে তিনজনকে নিয়ে ট্রাইব্যুনাল গঠন করবেন চেয়ারম্যান।
আইসিসির দুর্নীতি দমন বিভাগ অভিযুক্ত করার পর এর মধ্যেই তদন্তপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পাল্টা মামলা করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক পক্ষ। এ ছাড়া অভিযোগের বিরুদ্ধে আপিল করেছেন অভিযুক্ত বাংলাদেশের দুই ক্রিকেটার মাহবুবুল আলম ও মোশাররফ হোসেন।