অবশেষে শুরু হকি ক্যাম্প
বিদেশি কোচ না আনতে পেরে শেষ পর্যন্ত সাবেক অধিনায়ক মামুনুর রশীদকেই জাতীয় দলের দায়িত্ব দিয়েছে হকি ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্পও শুরু হচ্ছে দীর্ঘদিন পর। দলের সামনে বড় টুর্নামেন্ট আগামী জানুয়ারিতে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড। তবে তার আগে এই মাসেই ঢাকায় শুরু হবে এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকি প্রতিযোগিতা। জাতীয় দলের অনেকে খেলছেন এই টুর্নামেন্টে। তাই যুবদলের বাইরে থাকা ১৩ জনকে ক্যাম্পে ডাকা হয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ বিকেল পাঁচটায় কোচ মামুনুর রশীদের কাছে রিপোর্ট করতে হবে খেলোয়াড়দের।
ক্যাম্পে ডাক না পেলেও সদ্য শাস্তি থেকে মুক্ত হওয়া জিমিদের জন্যও জাতীয় দলের দরজা খোলা রেখেছেন নির্বাচকেরা। জানা গেছে, নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া জিমি, জাহিদ, পিন্টু ও রানার সব আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় ক্যাম্পে ডাকা হয়নি। তা ছাড়া জাতীয় দলে ঢুকতে তাঁদের ফিটনেস পরীক্ষাও দিতে হবে।
জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন মামুনুর রহমান চয়ন, আবদুল্লাহ আল মনসুর, রোকনুজ্জামান সোহাগ, রিমন কুমার, কৃষ্ণ কুমার, শেখ মোহাম্মদ নান্নু, হাসান যুবায়ের নিলয়, শামীম মিয়া, পুষ্কর খীসা মিমো, সজীবুর রহমান, তাপস বর্মণ, মনোয়ার হোসেন ও ইরফানুল হক।