অবশেষে শুরু হচ্ছে হকির অনুশীলন
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্দেশনা অনুসারে গত ১০ আগস্ট শুরু হওয়ার কথা ছিল হকির অনুশীলন। কিন্তু ১০ দিন পেরিয়ে গেলেও এশিয়ান গেমসের জন্য অনুশীলন ক্যাম্প শুরু করতে পারেনি হকি ফেডারেশন। সেই অনুশীলন অবশেষে শুরু হচ্ছে আগামীকাল থেকে।কেন এত দিন অনুশীলন শুরু হয়নি, সেটা একটা প্রশ্নই বটে। ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় ক্রীড়া পরিষদ এত দিন ক্যাম্পের জন্য কক্ষ বরাদ্দ দেয়নি বলেই অনুশীলন শুরু করা সম্ভব হয়নি। তবে আবাসন ও খাবার সমস্যার সমাধান হয়ে যাওয়াতেই কাল থেকে অনুশীলন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৯ সদস্যের প্রাথমিক দলের সবাইকে আজ বিকেল চারটায় জাতীয় দলের জার্মান কোচ পিটার গেরহার্ডের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। এই দলের জার্মান সফরের জন্য নির্বাচিত ১৮ জন খেলোয়াড়ের অনুশীলন করা নিয়ে বিভ্রান্তি এখনো যায়নি। জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমির দাবি, জার্মানি সফরের আগে তাঁদের আর অনুশীলন করানো হবে না। কিন্তু কোচ গেরহার্ডের কথা অন্যরকম, ‘প্রতিদিন মাঠে এসে যদি দেখি ছেলেরা অনুশীলনে অনুপস্থিত, তাহলে তো রাগ হওয়াই স্বাভাবিক। তাই রাগ করেই বলেছিলাম অনুশীলন হবে না।’