অবশেষে শেষ পাইবাস-অধ্যায়
রিচার্ড পাইবাস আর বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন না—এটা বোঝাই যাচ্ছিল। অবশেষে ইংলিশ বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান কোচ এজেন্টের মাধ্যমে বিসিবিকে জানিয়ে দিয়েছেন, তিনি আর বাংলাদেশে আসবেন না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আপৎকালীন কোচ থাকছেন জাতীয় দলের অস্ট্রেলিয়ান বোলিং কোচ শেন জার্গেনসেন।বিসিবির পরিচালনা পর্ষদের মুলতবি সভা শেষে কাল নতুন সভাপতি নাজমুল হাসান জানালেন, ‘রিচার্ড পাইবাস তাঁর এজেন্টের মাধ্যমে পরশু (গত সোমবার) জানিয়েছেন, তিনি আর বাংলাদেশে আসবেন না। সে ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শেন জার্গেনসেনকে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হবে। এ ছাড়া অচিরেই নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে।’গত জুনে দায়িত্ব নেওয়ার পর চুক্তিতে সই না করেই চার মাস বাংলাদেশ দলের কোচ ছিলেন পাইবাস। বিসিবির বার্ষিক ৪৫ দিনের ছুটির শর্তে আপত্তি ছিল তাঁর। সভাপতি বলছেন, ‘বিপিএল টি-টোয়েন্টি আর পাইবাস, এই দুটি বড় সমস্যার কারণ আমাদের কোনো লিখিত চুক্তি হয়নি। এ কারণে আমরা কোনো আইনি লড়াই করতে পারছি না।’ তবে সভাপতির প্রতিশ্রুতি, ‘লিখিত চুক্তি ছাড়া তাড়াহুড়ো করে বা তাৎক্ষণিক চাহিদা পূরণ করতে গেলে ভবিষ্যতেও এ ধরনের সমস্যায় পড়তে হবে। ভবিষ্যতে এ রকম হবে না।’ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে পরশু রাতেই পাইবাস নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। সাক্ষাৎকারে বিসিবির কড়া সমালোচনা করেছেন কোচ। অনুশীলনে খেলোয়াড়দের স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া হয় না বলেও অভিযোগ তুলেছেন। এ ব্যাপারে নাজমুল হাসানের ব্যাখ্যা, ‘উনি (পাইবাস) কতগুলো নির্দিষ্ট জিনিসের কথা বলেছেন। যেমন, অস্ট্রেলিয়া থেকে মাংস নিয়ে আসতে হবে। হঠাৎ করে বললেই এসব জিনিস আমরা দিতে পারব, তা নয়। তা ছাড়া ক্রিকেটাররা সারা বছর এক জিনিস খাবে, আর ওই সাত দিন-দশ দিন ওই সব খাবার খেয়ে ফিট হয়ে যাবে, এটা কতটা সম্ভব, তাও ভেবে দেখা দরকার।’সভাপতি জানিয়েছেন, ‘যে পরিমাণ সময় আমরা তাঁর কাছে চাই, পারিবারিক সমস্যার কারণে সেটা তিনি দিতে পারবেন না বলে জানিয়েছিলেন। নীতিগতভাবে আমরা তা মানতে পারছিলাম না। আমরা চাই ফুলটাইম কোচ। কিছুদিন থাকবে, কিছুদিন থাকবে না, খেলার সময় ছাড়া পাওয়া যাবে না—এ রকম পার্টটাইম কোচ আমরা চাচ্ছিলাম না।’আগামী ১ নভেম্বরের মধ্যে পাইবাসের সব অভিযোগের জবাব তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেনকে। এ ছাড়া জাতীয় দলের সাবেক ট্রেনার স্টুয়ার্ট কার্পিনেনকে একাডেমির পারফরম্যান্স ম্যানেজার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে কালকের সভায়। কার্পিনেন ট্রেনার ছিলেন অস্ট্রেলিয়া দলেরও। বিসিবির গেম ডেভেলপমেন্ট কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে ভারতের রণদেব বোসকে।আলোচ্যসূচিতে না থাকলেও সভায় আলোচনা হয়েছে বিসিবির গঠনতন্ত্র নিয়ে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) দেওয়া তিনজন সরকার-মনোনীত পরিচালক রাখার সিদ্ধান্ত মানতে পারছে না বিসিবি। এ ছাড়া সভাপতিকে পদত্যাগ করে নির্বাচন করতে হবে কি না, সংশোধিত গঠনতন্ত্রে তা উল্লেখ নেই। এসব কারণে গঠনতন্ত্র আরেকবার সংশোধন করতে চায় বিসিবি। বোর্ড সভাপতির কথা, ‘এনএসসির চিঠিতে নতুন কিছু প্রস্তাব আছে। গঠনতন্ত্রে যদি এমন কিছু থাকে, যা পরিবর্তন দরকার, সেটা পরিবর্তন হতে হবে।’তবে এ জন্য প্রয়োজনীয় সময় পাচ্ছে না বিসিবি। সভাপতি বলছেন, ‘নির্বাচনপ্রক্রিয়া শুরুর সময়সীমা বেঁধে দেওয়া আছে। কয়েকজন পরিচালক জানালেন, আমাদের হাতে বোধ হয় আর একটা দিনই আছে। এটা খুবই অল্প সময়।’ তাঁর অভিযোগ, ‘বিসিবি থেকে গঠনতন্ত্র পাঠানো হয়েছে অনেক আগে। ওরা (এনএসসি) কেন এত দিন পর ঈদের ঠিক আগে আগে তা পাঠাল? আমাদের তো কোনো সুযোগই দেওয়া হচ্ছে না! আমি মনে করি না, এটা যুক্তিসংগত। আমাদের ইচ্ছাটা জানানোর মতো সময় এবং সুযোগ তাদের দেওয়া উচিত।’ এনএসসির সঙ্গে কথা বলে সময় বাড়ানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন বিসিবির সভাপতি।