চোখের সামনে ভাসছে ৩৩ লাখ টাকা দামের ২০১১ মডেলের এলিয়ন গাড়ি। কিন্তু মোহাম্মদ আশরাফুলের গাড়ির স্বপ্ন এখন যেন ‘ট্র্যাজেডি’রই অন্য নাম। শ্রীলঙ্কা সফরের দলে ডাক পাওয়ায় হাতছাড়া হয়ে যেতে পারে গাড়িটা।অবশেষে শাহরিয়ার নাফীস শ্রীলঙ্কায় না যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন। কাল ক্রিকেট পরিচালনা বিভাগ প্রধানকে দেওয়া এক পাতার চিঠিতে জানিয়েছেন, ব্লেডের পোঁচে কাটা হাত নিয়ে তিনি দারুণ শঙ্কায়। ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে না বলে এই হাত নিয়ে শ্রীলঙ্কায় গিয়ে খেলতে চান না। নির্বাচকেরাও শাহরিয়ারকে আর জোর না করে বিকল্প হিসেবে বেছে নিয়েছেন ২৫ জনের প্রাথমিক দলের বাইরে থাকা মোহাম্মদ আশরাফুলকে। তাতেই ঝুলে যাওয়ার উপক্রম আশরাফুলের এলিয়ন গাড়ি।শ্রীলঙ্কা সফরের সঙ্গে এবার গোপনে পাল্লা দিচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। দুটোই একই সময়ে বলে কোনো কোনো খেলোয়াড় নাকি শ্রীলঙ্কা যাওয়ার চেয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলাটাকে ‘লাভজনক’ ভাবছেন। একটা ক্লাব থেকে পারিশ্রমিক হিসেবে এলিয়ন গাড়ির লোভনীয় প্রস্তাব ছিল আশরাফুলেরও। কিন্তু কাল সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়ে তিনি প্রমাণ করে দিলেন, গাড়ির চেয়ে জাতীয় দল বড়।আশরাফুল শ্রীলঙ্কা সফরে যাওয়ার সম্ভাবনা দেখছিলেন পরশু দুপুর থেকেই। বোর্ড থেকে টেলিফোনে বলা হয়েছিল কাল যেন অনুশীলনে যোগ দেন। আশরাফুলও কাল থেকেই শুরু করে দিয়েছেন শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি। তবে এর আগে নিজের নামটা ২৫ জনের মধ্যেও নেই দেখে অন্য জেদ চেপেছিল তাঁর মনে, ‘ভেবেছিলাম, যা খেলেছিলাম তা হয়তো যথেষ্ট নয়। অতটা ভালো পারফর্ম হয়তো করিনি। মনে মনে ঠিক করি, ঢাকা লিগটা খেলে ছয়-সাত শ রান করতে হবে। তাহলে যদি জিম্বাবুয়ে সফরে সুযোগ পাই।’২৫ জনে না রেখেও শাহরিয়ারের বদলি হিসেবে আশরাফুলকে নেওয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক আকরাম খানের ব্যাখ্যা, ‘পরিকল্পনা ছিল পারফরম্যান্সে ধারাবাহিকতা আসার পরই আশরাফুলকে দলে নেব। সেজন্য ২৫ জনেও রাখিনি। এখন পরিস্থিতির কারণে বাধ্য হয়ে নিলাম।’ অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাখ্যাটা অবশ্য ভিন্ন, ‘আশরাফুল ভাই এমন মাপের ক্রিকেটার, ওনাকে ২৫ জনে নিয়ে পরে ১৫ জনের দল থেকে বাদ দেওয়ার মানে হয় না। তাতে ওনার প্রতি অবিচার হয়। আমাদের ভাবনা ছিল উনি যদি থাকেন, তাহলে যেন একাদশে থাকেন, না হলে আরও অনেক রান করে ফিরে আসুক।’অধিনায়কের আশা, হঠাৎ পাওয়া সুযোগ কাজে লাগাবেন তাঁর অগ্রজ। একই স্বপ্ন দেখছেন আশরাফুলও। সফরটা শ্রীলঙ্কায় বলে স্বপ্নের পরিধি বেড়ে যাচ্ছে অনেক, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমি সব সময়ই ভালো খেলি। কামব্যাক সিরিজ হিসেবে এটাই আমার জন্য ভালো হবে। দল হিসেবেও আমাদের সামনে এবারই শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করার সবচেয়ে বড় সুযোগ। সেটার অংশ হতে পারলে ভালো লাগবে।’ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর সেঞ্চুরি আছে আরও তিনটি, যার একটি কলম্বোতে, অন্য দুটি চট্টগ্রাম ও ঢাকায়। শ্রীলঙ্কার বিপক্ষে ১১ টেস্টে তাঁর রান ৪০.৮৫ গড়ে ৮৫৮। শ্রীলঙ্কাকে অন্তত টেস্ট ক্রিকেটে প্রিয় প্রতিপক্ষ ভাবতেই পারেন আশরাফুল।কিন্তু এলিয়ন গাড়ি, মডেল ২০১১! না, আশরাফুল মনটাকে সেদিক থেকে ঘুরিয়ে ফেলেছেন এর মধ্যেই, ‘একটা ক্লাবের সঙ্গে কথা চলছিল। এখন শ্রীলঙ্কায় যাচ্ছি বলে হয়তো সুপার লিগের জন্য নতুন করে কথা বলব তাদের সঙ্গে।’ প্রিমিয়ার লিগ বাদ দিয়ে সব চিন্তা এখন শ্রীলঙ্কা সফর নিয়ে। আর হ্যাঁ, সঙ্গে বোনের দেওয়া একটা সতর্কবার্তা মনে রাখছেন প্রতি মুহূর্তে, ‘খবরদার! ভুলেও ব্লেড দিয়ে ব্যাট চাঁছতে যেয়ো না...।’