অলিম্পিক ভিলেজ মানে ছোট্ট একটা পৃথিবী, সেখানে থাকতে পারাটাও গল্প করার মতো একটা অভিজ্ঞতা। অথচ রিও অলিম্পিকের আগে অস্ট্রেলিয়ার অলিম্পিক দল সেই ভিলেজে ওঠেনি! থাকবেই বা কীভাবে? যেখানে ঘরের দেয়ালের পাইপ চুইয়ে পানি পড়ে, শৌচাগারের অবস্থা শোচনীয়, বৈদ্যুতিক তার ঝুঁকিপূর্ণভাবে বের বেরিয়ে আছে, এখানে থাকা তো মুশকিলই। অস্ট্রেলিয়া ভিলেজ ছেড়ে আশ্রয় নেয় হোটেলে। শুধু অস্ট্রেলিয়া নয়, ভিলেজ ছাড়ে আর্জেন্টিনাও। ইতালি ও নিউজিল্যান্ড বাধ্য হয়ে নিজেরাই লোক ডেকে ঠিকঠাক করে নিয়েছে কক্ষগুলো। এর মধ্যে রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো পেজ বলে বসেন, ভিলেজে একটা ক্যাঙারুর মূর্তি রাখলে অস্ট্রেলিয়া এমন সিদ্ধান্ত নিত না। পেজের এই মন্তব্য নিয়ে তো পরে তোলপাড়! শেষ পর্যন্ত পেজ ক্ষমা চেয়েছেন, অস্ট্রেলিয়াও আবার ফিরে এসেছে ভিলেজে। আর অস্ট্রেলিয়া প্রতিনিধিদল পেজকে একটা ক্যাঙারুর প্রতিকৃতি দিয়ে বার্তা দিয়েছে, ব্যাপারটা চুকেবুকে গেছে! রয়টার্স।