অবশেষে সেই আলবি মরকেল
গত একটা বছর তিনি দলে ছিলেন যতটা না পারফরম্যান্সের জোরে, তার চেয়ে বেশি নামে। যতবারই উইকেটে নেমেছেন, সবাই নড়েচড়ে বসত গোটা তিন-চারেক ছক্কা দেখার জন্য। কিন্তু প্রত্যাশার প্রতিদানটা দিতে পারছিলেন না। গত বছরের মার্চে টেস্ট অভিষেকে ফিফটির পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিফটির দেখা নেই। অবশেষে আলবি মরকেলকে চেনা গেল গত পরশু। ফিফটি করতে পারেননি, তবে যা করেছেন সেটাই নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ১৩ রানের জয়ে মূল্যবান অবদান হয়ে গেল।পরশু বারবাডোজে হার্শেল গিবস (২৪ বলে ৩০) আউট হওয়ার পর যখন উইকেটে নামলেন, দক্ষিণ আফ্রিকার রান ১৩.৩ ওভারে ৯৭। এর আগে উদ্বোধনী জুটিতে ভালো শুরু করেও তা ধরে রাখতে পারেননি জ্যাক ক্যালিস (২৬ বলে ৩১) ও গ্রায়েম স্মিথ (১২ বলে ১৪)। এখান থেকেই দায়িত্বটা নিলেন মরকেল, সঙ্গে পেয়ে গেলেন এবি ডি ভিলিয়ার্সকে। চতুর্থ উইকেটে দুজনে ৩৮ বলে গড়েছেন ৭২ রানের জুটি। ১৮টি বল খেলতে পেরেছেন মরকেল, করেছেন ৪০। একটি চারও নেই, কিন্তু ছয় ৫টি। ১ চার ও ২ ছয়ে ডি ভিলিয়ার্স অপরাজিত ৪৭ রানে। দক্ষিণ আফ্রিকার ১৭০ রানের জবাবে নিউজিল্যান্ড ২০ ওভারে তুলতে পারে ৭ উইকেটে ১৫৭ রান। রাইডারের ৩৩ রানই ছিল সর্বোচ্চ, ২টি করে উইকেট ইয়োহান বোথা, মরনে মরকেল ও চার্ল ল্যাঙ্গেভেল্টের।ভালো করতে পেরে সন্তুষ্ট, তবে মরকেল নিজে মনে করছেন না ফর্ম হারিয়ে ফেলেছিলেন তিনি, ‘দেশের হয়ে পারফর্ম করতে পারাটা সব সময়ই দারুণ এবং বিশ্বকাপের মতো টুর্নামেন্টে চাপের মুখে ভালো করতে পেরে আমি আরও খুশি। কিন্তু সত্যি বলতে আমার কখনো মনে হয়নি আমি ফর্মে নেই। জানতাম, শুধু ভালো একটা শুরু দরকার। যা-ই হোক, আশা করি, এখন এটা ধরে রাখতে পারব। স্মিথও মানছেন মরকেল-ডি ভিলিয়ার্সের জুটিটাই ব্যবধান গড়ে দিয়েছে, ‘আমরা স্মার্ট ক্রিকেট খেলেছি। আলবি সুযোগটা কাজে লাগিয়েছে এবং এবির সঙ্গে ওর জুটিটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।’এই জুটির কাছেই হেরে গেছেন মেনে নিয়ে পরের ম্যাচগুলোর দিকে তাকিয়ে আছেন ড্যানিয়েল ভেট্টোরি, ‘শেষ পাঁচটা ওভার আমরা ভালো করতে পারিনি। আলবির মতো বিস্ফোরক ব্যাটসম্যানের বিপক্ষে আপনাকে নিখুঁত বোলিং করতে হবে, এক ইঞ্চিও এদিক-সেদিক হলে এর ফায়দা তুলে নেবে ও। এখন দ্রুত নিজেদের গুছিয়ে বাকি দুটো ম্যাচ জিততেই হবে।’ ওয়েবসাইট।