অবশেষে সেই বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর নিজেরই যেন বিশ্বাস হচ্ছিল না! শেষ মুহূর্তের নাটকীয় গোলে জয় সুনিশ্চিত করার পর দুহাত শূন্যে ছুড়ে যেভাবে উদ্যাপন করছিলেন, তাতে উল্লাসের চেয়েও বেশি করে প্রতিফলিত হচ্ছিল অবিশ্বাস—মুহূর্তটাকে যেন ক্ষণিকের জন্য কল্পিত কোনো দৃশ্য মনে হচ্ছিল তাঁর। মাত্র মিনিট কয় বাদে যখন বাঁশি বেজে উঠল, সতীর্থরা উল্লাসে ফেটে পড়ল, আর তিনি দুই হাঁটু গেড়ে ঘাসে মাথা ছোঁয়ালেন। মাথা তুললেন যখন—দুচোখপ্লাবী জল। আরিয়েন রোবেনের বুকের খাঁচায় দীর্ঘদিন বন্দী একটা দীর্ঘশ্বাস যে মুক্তি পেল!

তাঁর সময়ের সেরা খেলোয়াড়দের একজন। অথচ এত দিন নামের পাশে বড় কোনো ট্রফিই ছিল না। যা ছিল, শুধুই না-পারার দীর্ঘতর আক্ষেপ। পরশুও যখন তিন-তিনটি সুবর্ণ সুযোগ থেকে গোলবঞ্চিত হলেন, মনে হচ্ছিল ‘একটুর জন্য না-পারা’র সেই হাহাকার বুঝি এদিনও তাঁকে করতে হবে। কিন্তু সেই তিনিই ‘ভস্ম’ থেকে জেগে উঠলেন। যে বাঁ পা-সর্বস্ব নিয়ে এত আলোচনা, সেই বাঁ পা দিয়েই বাড়িয়ে দেওয়া বলে ৬০ মিনিটে গোল করালেন মারিও মানজুকিচকে দিয়ে। দান্তের শিশুতোষ ভুলের কারণে পেনাল্টি থেকে সেই গোলও শোধ করে দিল বরুসিয়া ডর্টমুন্ড, আট মিনিটের মধ্যেই। আবার অতিরিক্ত সময়, আবার টাইব্রেকারের লটারি এবং হয়তো আবার বায়ার্ন মিউনিখের কান্না—এমন সম্ভাবনাগুলোরই যখন ওয়েম্বলিতে উঁকিঝুঁকি; নিজেদের রক্ষণ থেকে আকস্মিক উড়ে আসা লং বলটাকে গোল বানিয়ে দিলেন রোবেন, ৮৯ মিনিটে। বাঁ পায়েই!

২-১ গোলে জিতে আবার জার্মানিতে ইউরোপ-সেরার ট্রফিটা নিয়ে এল বায়ার্ন, ২০০১ সালে সর্বশেষ জার্মান দল হিসেবেও তারাই জিতেছিল এই শিরোপা। একটা বড় কোনো ট্রফির জন্য জার্মানদের এক যুগের অপেক্ষারও অবসান হলো। টুর্নামেন্টজুড়ে অসাধারণ খেলা ডর্টমুন্ডকে দ্বিতীয় সেরা হয়েই তৃপ্ত থাকতে হলো।

অথচ ম্যাচের শুরুটা কিন্তু দারুণ করেছিল ডর্টমুন্ড। ২৫ মিনিট পর্যন্ত ম্যাচের লাগামটা ছিল তাদের শক্ত মুঠোতেই। এই সময় ছয়টি সম্ভাবনা জাগানো শটও নিয়েছিল তারা, চারটিই গোলমুখে। তিনটি দুর্দান্ত সেভ করে বায়ার্নের ‘হিরো’ তখন ম্যানুয়েল নয়্যার। জার্মানির নাম্বার ওয়ান রবার্ট লেভানডফস্কির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছেন, ঠেকিয়েছেন বোয়াশচেকফস্কির নিচু শট, হতাশ করেছেন সভেন বেনডারকে। নয়্যারে উজ্জীবিত হয়েই ম্যাচে ফেরে বায়ার্ন। ‘স্বার্থপর’ রোবেন সুবিধাজনক জায়গায় থাকা মানজুকিচকে আড়াআড়ি পাসে বল না ঠেলে নিজেই গোলমুখে শট নেন। সেই থেকে শুরু রোমান ভিডেনফেলারের একের পর দুর্দান্ত সেভের। রোবেনের শেষ মুহূর্তের গোলটা না হলে পরশু হয়তো নায়ক হয়ে যেতেন দুই গোলরক্ষকের একজন। কিংবা দুজনই!

দুই দলেরই এত এত প্রচেষ্টার পরও যে প্রথমার্ধ অবিশ্বাস্যভাবে গোলশূন্য থাকল, সেটা দুই দলের গোলরক্ষকের জন্যই। পোড়-খাওয়া ইয়ুপ হেইঙ্কেস বিরতিতে নতুন ছক কষেন। প্রথমার্ধে ডর্টমুন্ড যেভাবে শুরু করেছিল, সেই একইভাবে দ্বিতীয়ার্ধে আধিপত্য দিয়ে শুরু করে বায়ার্ন। তারই ফসল ৬০ মিনিটের গোলটি। কিন্তু বল ক্লিয়ার করতে গিয়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার যেভাবে রিউসকে ফাউল করলেন, তাতে লাল কার্ড থেকে ভাগ্যক্রমে বেঁচে গেলেও পেনাল্টি থেকে দলকে বাঁচাতে পারলেন না। মাত্রই কদিন আগে লেভানডফস্কির পেনাল্টি ঠেকিয়েছেন নয়্যার। ফলে পরশু শটটা নিলেন ইলকায় গুন্ডোগান। ডর্টমুন্ডকে বাঁচিয়ে রাখলেন নেভেন সুবোটিচ, গোললাইন থেকে অলৌকিকভাবে বল ক্লিয়ার করে। কিন্তু ফাইনাল হলেই পারেন না বলে গালমন্দ শুনতে শুনতে পচে গেছে যে দুজনের কান, যে দুজন এর আগে তাঁদের ক্যারিয়ারে বড় কিছুই জেতেননি, সেই রিবেরি-রোবেনের সমন্বয়ে জয় ছিনিয়ে আনল। ডিফেন্ডারদের জটলার ফাঁক গলে রিবেরির ব্যাক হিলে বল গেল রোবেনের কাছে। আর রোবেন প্রায়শ্চিত্ত করলেন ২০১২ ফাইনালের পেনাল্টি মিসের! এএফপি, রয়টার্স।