অবশেষে সেই সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এত দিন তাকিয়ে ছিল সরকারের দিকে। অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামীকাল সিলেট বিকেএসপি দেখতে যাচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। ক্রীড়াসচিব মাহবুব আহমেদ এবং জাতীয় ক্রীড়া পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁর সঙ্গে থাকবেন।সিলেট বিকেএসপিতে একটি ফুটবল একাডেমি করতে চায় বাফুফে। কিন্তু সেখানে অবকাঠামোগত অনেক উন্নয়ন প্রয়োজন। বাফুফের আবেদনের পরিপ্রেক্ষিতে উন্নয়নকাজটা করে দেবে সরকার। তার আগে সবকিছু দেখতেই মন্ত্রীর এই সফর। বাফুফের কর্মকর্তারাও থাকছেন সফরে। তবে শুরুর দিকে মন্ত্রীর যাওয়ার কথা ছিল না, কথা ছিল এনএসসির কর্মকর্তাদের নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব যাবেন। এখন মন্ত্রী নিজেই যাওয়ায় বাফুফের আশা, দ্রুত কাজ হবে।এদিকে একাডেমির জন্য খেলোয়াড় বাছাইয়ের কাজ চলছে। গত পরশু পর্যন্ত ৩১১টি উপজেলায় অনূর্ধ্ব-১৪ বিভাগে এবং অনূর্ধ্ব-১৮ বিভাগে প্রায় ৩১০০ ফুটবলার বাছাই করা হয়েছে। গতকাল ১২টি উপজেলায় ৮৭৬ জনের মধ্যে ‘ইয়েস কার্ড’ পেয়েছে ১০২ জন।