অবশেষে সেই সেঞ্চুরি...
কী করেছেন মুশফিকুর রহিম? সংবাদ সম্মেলন থেকে বের হতেই পুলিশের দলটা অমন পাকড়াও করল কেন তাঁকে? চারদিকে ঘিরে ধরেছে পুলিশ, মধ্যবিন্দু হয়ে মুশফিকুর মিটিমিটি হাসছেন! পুলিশে ধরলেও তাহলে মানুষ হাসে?মুশফিকুরের জন্য দিনটা হাসারই ছিল আসলে। আর পুলিশের ঘিরে ধরা সত্যি সত্যি কোনো অপরাধে তো নয়। এটাকে চট্টগ্রাম টেস্টে করা সেঞ্চুরির পার্শ্বপ্রতিক্রিয়া বলতে পারেন। খেলার ডিউটি করতে আসা মহিলা পুলিশের একটা দল ম্যাচ শেষে দিনের নায়ককে পাশে পেতে চাইল, পাশে দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলতে চাইল। এমন দিনে কাউকে ফিরিয়ে দেন কী করে মুশফিকুর?একটু পেছনে ফিরে যান...২০০৯ সালের ১৮ আগস্ট। মাঠ ছাড়ার সময় মুশফিকুর সেদিনও হেসেছিলেন। কিন্তু বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে লুটোপুটি করা বিকেলের মিঠে রোদও সে হাসিতে এক ফোঁটা প্রাণ ছড়াতে পারেনি। ম্লান মুখে কষ্টের হাসি ছড়িয়ে মুশফিকুর বলেছিলেন, ‘এবার হয়নি। ভবিষ্যতে হবে...।’বুলাওয়ের ওয়ানডেতে সেদিন বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থাকতে আউট হয়ে ফিরেছিলেন মুশফিকুর। কাল ম্যাচ শেষে সেই স্মৃতি মনে করিয়ে দিতে আবার হাসেন, ‘ওই দিন খুব টেনশন হচ্ছিল...২ রান হবে কি হবে না। আজ (গতকাল) সেটা ছিল না। আমি আত্মবিশ্বাসী ছিলাম। কোনো ভয় কাজ করেনি মনে।’ মুশফিকুর যে নির্ভয় ছিলেন সেটি তাঁর ব্যাটিংয়েও বোঝা গেছে বেশ। ৯০ রানের পর থেকে স্ট্রাইকিং প্রান্তের দখল নিজেই রাখতে চেয়েছেন বেশির ভাগ সময়।ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ ঘুচল টেস্টের প্রথম সেঞ্চুরি দিয়ে। বাবাকে উত্সর্গ করা এই সেঞ্চুরি মুশফিকুরের মেধা আর সামর্থ্যের প্রতিফলন। ভারতের ছুড়ে দেওয়া ৪১৪ রানের চ্যালেঞ্জের সামনে বাংলাদেশের স্কোরটা শেষ পর্যন্ত লজ্জাজনক হয়নি মুশফিকুরের ১০১ রানের ইনিংসের সৌজন্যেই। দিন শেষের সংবাদ সম্মেলনে মুশফিকুরও বলেছেন, ‘সব খেলোয়াড়েরই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার, এর পর সেঞ্চুরি করার। আজ (গতকাল) সেটা হয়েছে, বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে সেঞ্চুরি করেছি। স্বাভাবিকভাবেই ভালো লাগছে।’আগের দিন কোচ জেমি সিডন্স বলেছিলেন, ভারতের রান তাড়া করে জেতা সম্ভব, কারণ তার দলে সেঞ্চুরি করার মতো অন্তত তিনজন ব্যাটসম্যান আছেন। ইঙ্গিতটা তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসানের দিকেই ছিল। মুশফিকুরকে টেকনিকের দিক দিয়ে দলের সম্ভাব্য সেরা ব্যাটসম্যানের স্বীকৃতি দিলেও সেঞ্চুরিটা তিনিই করে দেবেন, সেটা সম্ভবত কোচও ভাবেননি। তবে কাল মুশফিকুরের ব্যাটিং দেখার পর কোচের মুখ দিয়েও বেরিয়ে এল ‘ওয়ান্ডারফুল ব্যাটিং’ শব্দ দুটি।জহির খান-ইশান্ত শর্মাদের খেলার চ্যালেঞ্জ ছিলই। তবে মাঠে মুশফিকুরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল ভারতীয়দের স্লেজিং। সংবাদ সম্মেলনে মুশফিকুরই জানিয়েছেন, “আমি আমার স্বাভাবিক খেলার চেষ্টা করেছি। কিন্তু ওরা আমাকে আজ (গতকাল) অনেক স্লেজিং করেছে মাঠে। আমাকে স্কুল বয় বলে খেপানোর চেষ্টা করেছে। শ্রীশান্ত তো অনেক কিছুই বলেছে। কিন্তু আমি চুপ ছিলাম।” প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হলে না হয় ভারতীয়দের স্লেজিংয়ের উদ্দেশ্যটা বোঝা যেত। বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রতি তাদের এই আক্রোশের কারণ? ‘হয়তো বা ওরা চাচ্ছিল আমি তাড়াতাড়ি আউট হয়ে যাই। আমার পরে তো আর কোনো ব্যাটসম্যান ছিল না। সে কারণেই হয়তো আমাকে বেশি স্লেজিং করছিল। পুরো টেস্টেই তারা আমাদের অনেক কথা বলেছে’—বলেছেন মুশফিকুর। সঙ্গে অবশ্য এটাও বলেছেন, ‘স্লেজিং করলে আমার ভালো লাগে। আমি তাদের ব্যাটেই জবাব দেওয়ার চেষ্টা করছিলাম।’জবাবটা সেঞ্চুরি দিয়েই দিয়েছেন মুশফিকুর। চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিয়ান হিসেবে শচীন টেন্ডুলকার-গৌতম গম্ভীরের পাশে বসে গেছে তাঁর নাম। আর এই কৃতিত্বের জন্য মুশফিকুরের কাছ থেকে বিশেষ ধন্যবাদ পাচ্ছেন নয় নম্বর ব্যাটসম্যান শাহাদাত হোসেন, “বিশেষ করে শাহাদাতকে ধন্যবাদ। সেঞ্চুরিতে ওর অবদান অনেক। শাহাদাত আগেও আমাকে সাহায্য করেছে। এর আগে ‘এ’ দলের হয়ে একটা সেঞ্চুরি করায়ও সে অনেক সাহায্য করেছিল। ওই সেঞ্চুরি দিয়েই আমি জাতীয় দলে আসি।” কাল ১৭০ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর মুশফিকুরের সঙ্গে অষ্টম উইকেটে ৬০ রানের জুটি হয় শাহাদাতের। এর পর শফিউল ইসলাম আর রুবেল হোসেনও সময়োপযোগী সমর্থন দিয়েছেন তাঁকে।কী বিস্ময়কর! একজন ব্যাটসম্যান তাঁর সেঞ্চুরির জন্য সমানে ধন্যবাদ দিয়ে যাচ্ছেন সতীর্থ বোলারদের। একটু কি লজ্জা পেলেন আশরাফুল-সাকিবরা?