অবশেষে স্বপ্নটা ধরা দিল মেরিনার্সদের!

সমীকরণটা এমন ছিল-লিগের শেষ ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে মেরিনার ইয়াংস ক্লাব। একপর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়েও আজ হাল ছাড়েনি মেরিনার্স। মওলানা ভাসানী স্টেডিয়ামে শেষ পর্যন্ত ঊষার বিপক্ষে ৩-২ গোলে জিতেই ম্যাচ শেষ করেছে। এই জয়ের সুবাদেই প্রিমিয়ার হকি লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মেরিনার ইয়াংস ক্লাব।
হকির জন্যই ক্লাবটি পরিচিত। কিন্তু প্রতিষ্ঠার এতগুলো বছর পেরিয়ে এসে অবশেষে সেই স্বপ্নটা পূরণ হলো তাদের। কত বছর পর! এবং তাও কত নাটকীয়তার ভেতর দিয়ে!
ঊষার দুটি গোল করেছেন হাসান যুবায়ের নিলয় ও পুষ্কর খীসা মিমো। মেরিনার্সের গোল তিনটি ওয়াকাস, আরশাদ ও ইশতিয়াকের। লিগ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো মেরিনার্স। ৩৮ পয়েন্ট নিয়ে রানার্স আপ ঊষা।
ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেই ভিআইপি গ্যালারিতে জড়ো হয়েছিল দুই দলের প্রচুর দর্শক। কিন্তু মেরিনার্সের সমর্থকেরা একপর্যায়ে আম্পায়ারের সিদ্ধান্তকে ঘিরে হকি মাঠে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেন। ম্যাচে তখন ২-০ তে এগিয়ে ঊষা। হঠাৎ মেরিনার্সের পাকিস্তানি খেলোয়াড় মোহাম্মদ তৌফিক আম্পায়ারের সঙ্গে বাদানুবাদ করলে তাকে সবুজ কার্ড দেন আম্পায়ার। এরই প্রতিবাদে মেরিনার্সের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও সমর্থকেরা মিলে গ্যালারি থেকে চেয়ার ভাঙচুর করতে শুরু করে।
এরপর প্রায় ১৬ মিনিট খেলা বন্ধ ছিল। দ্বিতীয়ার্ধেও অনেকবার খেলা বন্ধ থেকেছে রিভিউয়ের সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে আবেদন করে।
ম্যাচে শুরুর দিকে কিছু সময় ঊষার আধিপত্য থাকলেও ধীরে ধীরে খেলাটা নিজেদের নিয়ন্ত্রণে নেয় মেরিনার্স। ১৩ মিনিটে হাসান যুবায়ের নিলয়ের চমৎকার হিটে ১-০ তে এগিয়ে যায় ঊষা। ১৫ মিনিটে নিলয়ের পাস থেকে পুষ্কর খীসা মিমোর রিভার্স হিটে ২-০ হয় স্কোরলাইন। ২৬ মিনিটে আরশাদের রিভার্স হিট থেকে ওয়াকাসের কানেক্টে ২-১ করে মেরিনার্স। ৫০ মিনিটে ইশতিয়াকের বাড়িয়ে দেওয়া বলে আরশাদ পুশ করে ২-২ করে। এরপর ৬৮ মিনিটে ইশতিয়াকের গোলে জয় নিশ্চিত করে বাড়ি ফেরে মেরিনার্স। প্রথমবারের মতো সেরা ট্রফি সঙ্গে নিয়েই!