অবশেষে হকি কোচের সঙ্গে চুক্তি
চুক্তি ছাড়াই এএইচএফ কাপ (এশিয়ান হকি ফেডারেশন) পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন অলিভার কার্টজ। জার্মান এই কোচের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি না করায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইনডেক্স গ্রুপের কর্মকর্তা ও ফেডারেশনের সহসভাপতি শফিউল্লাহ আল মুনীরের বিরুদ্ধে কদিন আগে অভিযোগ করেছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক। কাল তিনজন একই সঙ্গে গণমাধ্যমের সামনে এসে নিজেদের অবস্থান ব্যাখ্যা করলেন। কোচের সঙ্গে এবার আনুষ্ঠানিকভাবেই চুক্তি করতে যাচ্ছে ফেডারেশন।
কাল হকি ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে আবদুস সাদেক বলেন, ‘আমরা দু-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিক চুক্তি করতে যাচ্ছি কোচের সঙ্গে। আপাতত এক বছরের চুক্তি করব। কার্টজ বাংলাদেশের ঘরোয়া লিগের সূচি ও অন্যান্য প্রতিযোগিতা সম্পর্কে জানতে চেয়েছেন। এসব সামনে রেখেই কোচ তাঁর পরিকল্পনা সাজাবেন।’
আবারও বাংলাদেশ দলের দায়িত্ব নিতে পেরে দারুণ খুশি কার্টজ, ‘আমি বাংলাদেশে কাজ করতে পেরে গর্বিত। বাংলাদেশের আগামী এশিয়া কাপ মিশন শেষ হওয়া পর্যন্ত এখানে থাকতে চাই। এরই মাঝে দীর্ঘমেয়াদি কিছু পরিকল্পনা দেব ফেডারেশনকে।’