অবশেষে হকি কোচের সঙ্গে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান হকি কোচ অলিভার কার্টজ চুক্তি ছাড়াই মাস তিনেক কাজ করেছেন। তাঁর চুক্তিটা ছিল আসলে স্পনসর ইনডেক্স গ্রুপের সঙ্গে। কিন্তু নিয়ম অনুযায়ী চুক্তি করবে ফেডারেশন। সেই কাজটা কাল করতে পেরে স্বস্তির নিশ্বাস ফেলেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক, ‘নানা কারণে চুক্তিটা করতে দেরি হচ্ছিল। অবশেষে আমরা ত্রিপক্ষীয় চুক্তি করলাম।’

ত্রিপক্ষীয় বলতে ফেডারেশন, কোচ ও স্পনসর প্রতিষ্ঠান। চুক্তিটা আগামী অক্টোবর পর্যন্ত। তত দিনে শেষ হবে এশিয়া কাপ ও বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড। এরপর প্রয়োজনে চুক্তি বাড়তে পারে। এই চুক্তিতে কার্টজ বেতন পাবেন মাসে ৫ হাজার ডলার, দেশে যাওয়া-আসার তিনটি টিকিটও তাঁকে দেওয়া হবে।

কার্টজের অধীনে সম্প্রতি এশিয়ান হকি ফেডারেশন কাপ জিতেছে বাংলাদেশ। যদিও স্থানীয় কোচের অধীনে ওই টুর্নামেন্ট আগেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন জিমিরা। এবার বিদেশি কোচের অধীনে আরও ভালো কিছু করবে জাতীয় দল—এমন লক্ষ্য নিয়েই কাল ওই চুক্তি হয়েছে।