অবশেষে হকিতে ফ্লাডলাইট বসছে
নীল টার্ফের ওপর সাদা বলে এত দিন হকি খেলে আসছিলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। কিন্তু সে শুধু দিনেই, রাতে খেলা যেত না। ফ্লাডলাইটের অভাবটা ছিলই। অবশেষে পূর্ণতা পাচ্ছে বাংলাদেশের হকি। আগামী ১২-২২ অক্টোবর ঢাকায় বসছে এশিয়া কাপ হকি প্রতিযোগিতা। আট জাতির এই টুর্নামেন্ট উপলক্ষে মওলানা ভাসানী স্টেডিয়ামে ফ্লাডলাইট বসানোর কাজ শুরু করতে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এনএসসির সচিব অশোক কুমার বিশ্বাস কাল জানিয়েছেন, ‘কাল-পরশুর মধ্যেই আমরা স্টেডিয়ামে ফ্লাডলাইট বসানোর প্রাথমিক কাজ শুরু করব।’
প্রাথমিক কাজ বলতে ফ্লাডলাইটের স্তম্ভ বসানোর জন্য মাটি পরীক্ষা করা হবে দু-এক দিনের মধ্যেই। ফ্লাডলাইট বসানোর দায়িত্ব পেয়েছে যৌথভাবে তিনটি প্রতিষ্ঠান—ট্রান্সকম গ্রুপ, জেএসএম করপোরেশন ও সিডব্লু বিডি। পুরো প্রকল্পের বাজেট ধরা হয়েছে ১০ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে পানিনিষ্কাশনব্যবস্থা উন্নত করতে খরচ হবে ১ কোটি ৬১ লাখ, ফ্লাডলাইট কেনা বাবদ খরচ ৮ কোটি ৮২ লাখ টাকা। স্টেডিয়াম আলোকিত করতে ১ হাজার ২০০ লাক্সের বাল্ব বসানো হবে। সব সরঞ্জাম কেনা হবে জার্মানি থেকে, স্তম্ভগুলো আনা হতে পারে চীন বা ভারত থেকে।
আগামী সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হলে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কর্মকর্তারা আসবেন ভেন্যু পরিদর্শনে। এই সময়ের মধ্যেই ফ্লাডলাইট স্থাপন শেষ হবে বলে আশাবাদী অশোক কুমার বিশ্বাস, ‘আশা করি, নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শেষ হবে।’