অবশেষে হাসি বিশ্বকাপ দলে
মাইক হাসিকে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে বিশ্বকাপে। বিশ্বকাপে খেলতে এসে চোট নিয়ে দেশে ফিরে যান বাঁহাতি পেসার ডগ বলিঞ্জার। কিন্তু তাঁর বদলি হিসেবে কাকে নেওয়া যায় এ নিয়ে দ্বিধান্বিতই ছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক পন্টিং চাইছিলেন পেসারের বদলি পেসার। ‘মি. ক্রিকেট’ মাইক হাসির পক্ষেও সমর্থন বাড়ছিল। নির্বাচকেরা শেষ পর্যন্ত বেছে নিলেন ৩৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যানকেই।হ্যামস্ট্রিং ইনজুরির জন্য তিনি খেলতে পারেননি ইংল্যান্ডের বিপক্ষে গত ওয়ানডে সিরিজের শেষ ছয় ম্যাচ। এই ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে খেলার মতো ফিট হতে পারবেন না আশঙ্কা করেই তাঁকে বিশ্বকাপের মূল ১৫ সদস্যের দল থেকে বাদ দেন নির্বাচকেরা। সিদ্ধান্তটি হাসি যেমন মানতে পারেননি, তিনি সমর্থনও পেয়েছেন সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটারদের। হাসির এই ব্যাপারটি নিয়ে জলঘোলা হয়েছে অনেক। বেঙ্গালুরুতে কেনিয়ার বিপক্ষে আগামী শনিবারের ম্যাচেই হয়তো দেখা যাবে হাসিকে। তবে তাঁর দলে ঢোকা মানে জায়গা ছেড়ে দিতে হতে পারে ক্যামেরন হোয়াইট বা ডেভিড হাসিকে। নির্বাচকেরা হাসির সঙ্গে ভারতে পাঠাচ্ছেন ডার্ক ন্যানেসকেও। স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গে থাকবেন এই পেসার।নির্বাচকদের প্রধান অ্যান্ড্রু হিলডিচ হাসিকে নিয়ে দারুণ আশাবাদী, ‘হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ভালোভাবেই সেরে উঠেছে মাইকেল (হাসি) এবং আমরা যেমন এই টুর্নামেন্ট জিততে তৃষ্ণার্ত হয়ে আছি, অস্ট্রেলিয়াকে সাহায্য করার সেই সামর্থ্য তার আছে।’ ওয়েবসাইট।