অবশেষে হিগুয়েইন...

দুদিন আগেও আলেসান্দ্রো সাবেলার কথাটাকে এখন গণকের ভবিষ্যদ্বাণীর মতো লাগছে। খুব আত্মবিশ্বাসের সঙ্গেই আর্জেন্টিনা কোচ বলেছিলেন, ‘এটা সাময়িক। খুব শিগগিরই ও গোল পাবে।’ সেই ‘শিগগিরটা’ যে এক ম্যাচ পরেই আসবে, সেটা বোধ হয় সাবেলা নিজেও ভাবেননি। গঞ্জালো হিগুয়েইন গোল করে আপাতত সব দুশ্চিন্তা তো ভুলিয়েই দিয়েছেন!ম্যাচের সাত মিনিটের সময়ই একদম আচমকা বল পেয়ে গিয়েছিলেন বেলজিয়ামের রক্ষণে। কেউ কিছু বুঝে ওঠার আগেই দেখল, হিগুয়েইনের ডান পায়ের শটটা জড়িয়ে গেছে জালে। গোলটা কেমন ছিল, তা বুঝে নিতে পারেন মাইকেল ওয়েনের টুইট থেকে, ‘কোথায় মারতে হবে, সেদিকে তাকানোরও সে দরকার মনে করেনি। একদম কোনায়। হিগুয়েইন একজন ফিনিশার।’
গোলটা না পেলেও পরশু কিন্তু হিগুয়েইনকে ভালো নম্বরই দিতে হতো। আগের ম্যাচগুলোর সঙ্গে যেন তাঁকে মেলানোই যাচ্ছিল না। বল নিতে বেশ কয়েকবারই নিচে নেমে আসছিলেন, নিজের জন্য গোল করার সুযোগও তৈরি করে নিচ্ছিলেন। এ রকম একটি সুযোগ থেকে গোল প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু দুর্দান্তভাবে ভেতরে ঢুকে হিগুয়েইন যে শট নেন, তা ক্রসবারে লেগে চয়ে যায় বাইরে। সার্জিও আগুয়েরো নেই, অ্যাঙ্গেল ডি মারিয়া উঠে গিয়েছিলেন মাঠ থেকে। লিওনেল মেসিকে যোগ্য সঙ্গই দিয়েছেন।
অথচ প্রথম কয়েক ম্যাচে হয়ে ছিলেন নিজের ছায়া। বসনিয়ার সঙ্গে প্রথম ম্যাচে চোট-সমস্যায় পুরো ম্যাচ খেলেননি। কিন্তু পরের তিনটিতে পুরো ম্যাচ খেলেও যেন একরকম অদৃশ্য মানব হয়ে ছিলেন। চাপটা কি জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল? হিগুয়েইন অবশ্য দাবি করলেন তেমন একটা উদ্বিগ্ন ছিলেন না, ‘আমি খুব বেশি ব্যগ্র হয়ে উঠিনি, কারণ আমি জানতাম আগে হোক পরে হোক, গোল পাবই। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল, সেটা কবে আসবে। আমি সবাইকে একই উত্তরই দিয়েছি, আমি এটা নিয়ে কাজ করছি।’
অথচ বিশ্বকাপ খেলতে পারবেন কি না, সেটা নিয়েই অনিশ্চয়তা ছিল। নাপোলির হয়ে মৌসুমের শেষের দিকে চোট পেয়েছিলেন। কিন্তু সাবেলা তাঁর ওপর ভরসা রেখেছিলেন। আসল সময়ে এসেই সেটির প্রতিদান দিলেন এবার। হিগুয়েইন মানলেন, ‘পরিস্থিতিটা আমার জন্য সহজ ছিল না। আরেকটুর জন্য বিশ্বকাপের দল থেকে আমি বাদ পড়ে যাচ্ছিলাম। কিন্তু সৌভাগ্যক্রমে সবকিছু আমার পক্ষে গিয়েছে। এখন আমি গোলও পেয়েছি।’ ফিফাডটকম।