অবশেষে ‘বিদায়’ বললেন সৌরভ
ধারাভাষ্যকক্ষে মাইক্রোফোন হাতে যতটা সাবলীল ও স্বচ্ছন্দ, এই ৪০ বছর বয়সে ক্রিকেট মাঠের ২২ গজে তেমনটা অবশ্যই তিনি হতে পারেন না। গত বছর আইপিএলেই সত্যটা ভীষণভাবে উপলব্ধি করে থাকবেন সৌরভ গাঙ্গুলী। চূড়ান্ত সিদ্ধান্তটা তাই নিয়েই ফেললেন। আগামীকাল ষষ্ঠ আইপিএলের খেলোয়াড় তালিকা জমা দেওয়ার শেষ সময়সীমা। তার আগে, গত শনিবার পুনে ওয়ারিয়র্সের মালিক সুব্রত রায় সাহারাকে সৌরভ জানিয়ে দিলেন, তাঁকে যেন বিবেচনা করা না হয়। প্রতিযোগিতামূলক ক্রিকেটে সৌরভের ২২ বছরের ক্যারিয়ারের সমাপ্তিও ঘোষিত হলো ওই সিদ্ধান্তে। গত আইপিএলে তিনিই ছিলেন পুনে ওয়ারিয়র্সের অধিনায়ক। শুরুটা ভালোই করেছিলেন। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছিলেন দুটি ম্যাচ। ‘সৌরভ এখনো পারেন’—সংবাদমাধ্যমে সে কী হইচই! তারপরই পুনের পতন। মোট ১৬টি ম্যাচের চারটি মাত্র জেতা পুনে নয় দলের মধ্যে পায় সর্বশেষ স্থান। সৌরভের পারফরম্যান্সও ছিল যাচ্ছেতাই। ১৫ ইনিংসে ২৬৮ রান, স্ট্রাইকরেট এক শর অনেক নিচে। ব্যাটিংয়ের চেয়েও ফিল্ডিংয়ে বেশি চোখে পড়ছিল বয়সের কাছে হার মানাটা। অধিনায়ককে এক ম্যাচে জোর করে বসিয়ে পর্যন্ত রাখে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। তখনই বোঝা গিয়েছিল, ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ভারতের সাবেক টেস্ট অধিনায়ককে পরবর্তী আইপিএল-৬-এ দেখা যাচ্ছে না। শেষমেশ আরেক দফা বিব্রত হওয়ার চেয়ে সসম্মানে সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিলেন সৌরভ। গতকাল টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন কারণটাও, ‘টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট ভীষণভাবে শারীরিক সক্ষমতা দাবি করে। ষষ্ঠ আইপিএল শেষ হতে হতে আমি ৪১ ছুঁয়ে ফেলব। এটা শরীরের জন্য খুব কঠিন।’২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর রঞ্জি ট্রফি খেলে যাচ্ছিলেন। গত মৌসুমে বেশির ভাগ ম্যাচে বাংলাকে নেতৃত্বও দিয়েছেন। আগামী মৌসুমে রঞ্জি ট্রফিতেও না খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যদিও বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্যতম যুগ্ম সচিব সুজন মুখার্জি জানিয়েছেন, ‘সে (সৌরভ) হয়তো প্রথম দুই ম্যাচে খেলবে না। তবে দলের পরিস্থিতি অনুযায়ী পরের দিকে তাঁকে পেতে পারি।’ ভারতের সফলতম টেস্ট অধিনায়ক সৌরভ ৪৯ টেস্টে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন ২১ টেস্টে। ১১৩ টেস্টে করেছেন ৭২১২ রান, ৩১১ ওয়ানডেতে ১১,৩৬৩। ধারাভাষ্যকার হিসেবে ভালোই করছেন। তবে সেটিকেই অবসর-পরবর্তী জীবনের একমাত্র অবলম্বন মনে করছেন না সৌরভ। গত মাসে এক সাক্ষাৎকারে জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করে সেটিই বুঝিয়ে দিয়েছেন। ওয়েবসাইট।