অবসর ঘোষণা রডিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিরিশে পা দিয়েছেন গতকাল বৃহস্পতিবার। নিজের জন্মদিনেই ভক্তদের একটা দুঃসংবাদ শোনালেন অ্যান্ডি রডিক। যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা ঘোষণা দিলেন, চলমান ইউএস ওপেনই তাঁর শেষ প্রতিযোগিতা হয়ে থাকবে।সংবাদ সম্মেলনে রডিক বলেন, ‘আমার মনে হচ্ছে, সময় হয়ে গেছে। জানি না আরেকটি বছর খেলা চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট শারীরিক সক্ষমতা আমার আছে কি না। সব সময় চেয়েছি, এ প্রতিযোগিতা দিয়েই নিজের ক্যারিয়ারে ইতি টানতে। এখানে আমার পরিবারের সদস্যরা রয়েছে, অনেক বন্ধু রয়েছে। এ প্রতিযোগিতারই অপেক্ষায় ছিলাম আমি।’১৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শুধু একটি গ্র্যান্ডস্লামের স্বাদ নিয়েছেন রডিক। সেটা ২০০৩ সালের ইউএস ওপেনে। ২০০৪, ২০০৫ ও ২০০৯ সালে উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন। কিন্তু প্রতিবারই পুরুষদের টেনিসের বর্তমান এক নম্বর ও ১৭টি গ্র্যান্ডস্লামজয়ী খেলোয়াড় রজার ফেদেরারের কাছে হেরে যান তিনি। এককের লড়াইয়ে এ পর্যন্ত মোট ৩২টি শিরোপা জিতেছেন রডিক, দ্বৈতে জিতেছেন চারটি। বর্তমানে পুরুষদের বিশ্ব র্যাঙ্কিংয়ে তাঁর অবস্থান ২২তম।৩০ বছরে পা দিলে অবসর নেবেন—এটা কি তাহলে ঠিক করে রেখেছিলেন রডিক? না হলে তিনি জন্মদিনেই অবসরের ঘোষণা দিলেন কেন? স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠছে। এ প্রশ্নে রডিকের জবাব, ‘এটা শুধুই একটা সংখ্যা। আমার সমসাময়িক খেলোয়াড়দের দিকে তাকান, রজার ফেদেরারই কেবল এখন পর্যন্ত খেলছে এবং বেশ ভালোভাবেই খেলছে। আমি কেমন অনুভব করছি, এটাই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, বর্তমান শারীরিক অবস্থা নিয়ে নিজের মতো করে খেলতে পারব না আমি।’রডিকের অবসরের ঘোষণার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস জানান, এ ঘটনায় মোটেও অবাক হননি তিনি। সেরেনা বলেন, ‘কিছুক্ষণ আগেই এটা জেনেছি। সেই ১০ বছর বয়স থেকে রডিককে চিনি। ও আমাকে আগেই বলেছিল, সম্ভবত এটাই ওর শেষ প্রতিযোগিতা। আশা করেছিলাম রডিক ওর সিদ্ধান্ত থেকে সরে আসবে, কিন্তু ও তা করেনি। রডিকের মতো একজনের বিদায়ে আমি মর্মাহত।’ রয়টার্স।