অবসর নিয়ে এবার বিসিসিআই
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) অবশেষে শচীন টেন্ডুলকারের ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করল। বিসিসিআই সম্পাদক সঞ্জয় প্যাটেল দাবি করেছেন বোর্ড কখনোই টেন্ডুলকারকে ২০০তম টেস্টের পর অবসরের নিতে চাপ দেয়নি। গণমাধ্যমে আসা এ সংক্রান্ত সব খবরকে উড়িয়ে দিয়ে প্যাটেল বলেছেন অবসর নেওয়া না-নেওয়ার ব্যাপারে টেন্ডুলকারের মতই হবে চূড়ান্ত।
গতকাল মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনেই প্যাটেল তুলে ধরেন বিসিসিআইয়ের অবস্থান, ‘এটা পুরোপুরিই অযৌক্তিক ও জঘন্য। আমি আপনাদের বলতে চাই এ ব্যাপারে মি. টেন্ডুলকারের সিদ্ধান্তই প্রাধান্য পাবে। বোর্ড তাকে পদত্যাগ (অবসর) করতে বলেনি বা এ নিয়ে কথাও বলেনি। বোর্ড কখনোই এটা করবে না, কারণ সে অসাধারণ এক খেলোয়াড়।’
গণমাধ্যমকে অনুমাননির্ভর খবর পরিবেশন থেকে বিরত থাকতেও অনুরোধ করেন প্যাটেল, ‘এটা নিয়ে (গণমাধ্যমের) উদ্বেগকে আমরা সম্মান করি। কিন্তু আমি সাংবাদিক বন্ধুদের বলব দয়া করে থামুন (অনুমান করা থেকে) ও ভুল তথ্যনির্ভর খবর দেবেন না।’
টেন্ডুলকারের ভবিষ্যৎ পুরোপুরিই টেন্ডুলকার ও নির্বাচকদের ব্যাপার, এমনটাই বললেন বিসিসিআই সম্পাদক, ‘এটা পুরোপুরিই শচীন টেন্ডুলকার ও নির্বাচকদের ব্যাপার। নির্বাচকেরা হয়তো তাঁকে দলে নেবেন এবং টেন্ডুলকারকেও প্রস্তুত থাকতে হবে খেলার জন্য। শচীন টেন্ডুলকার নিজের ইচ্ছে অনুযায়ী যে সিদ্ধান্তই নিক, বোর্ড তাতেই খুশি হবে।’
এর আগে ভারতের কয়েকটি সংবাদপত্র দাবি করেছিল বোর্ডের কয়েকজন সদস্য টেন্ডুলকারকে ২০০তম টেস্ট খেলার পরই অবসর নেওয়ার অনুরোধ করেছেন। ‘টেন্ডুলকার সেরা সময় পেছনে ফেলে এসেছেন’ এই যুক্তিতেই এই অনুরোধ। ঘরের মাঠে টেন্ডুলকারকে ২০০তম টেস্ট খেলার সুযোগ দিতেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তড়িঘড়ি সিরিজ আয়োজন করেছে বিসিসিআই। আগামী মাসে অনুষ্ঠেয় সিরিজে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ৪০ বছর বয়সী টেন্ডুলকার এ পর্যন্ত রেকর্ড ১৯৮টি টেস্ট খেলেছেন। ওয়েবসাইট।