অবসর নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অঁরি
বিশ্বকাপে ভরাডুবি। প্রথম রাউন্ড থেকেই বিদায় গতবারের রানার্সআপ ফ্রান্সের। বিশ্বকাপে ফরাসিদের ব্যর্থতা নিয়ে যখন কাটা-ছেঁড়া চলছে তখন আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের ঘোষণা দিয়ে ফেললেন থিয়েরি অঁরি। তবে বিশ্বকাপ ব্যর্থতার কারণে নয়, বার্সেলোনা ছেড়ে যুক্তরাষ্ট্র মেজর সকার লিগে যোগ দিয়েছেন ফ্রান্সের সাবেক এই অধিনায়ক। সেখানে পুরোপুরি মনোনিবেশ করতেই আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানলেন অঁরি।রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়ে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে থিয়েরি অঁরি বলেন, ‘বিশ্বকাপের আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কথা ভাবছিলাম। কিন্তু বিশ্বকাপে ফ্রান্স দলকে শেষবারের মতো সহায়তা করার প্রত্যাশায় বিদায়ের ঘোষণা দিইনি। যুক্তরাষ্ট্র মেজর সকার লিগের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ আমি। জাতীয় দলের হয়ে খেললে বিভিন্ন সময় আমাকে যুক্তরাষ্ট্র ছেড়ে ইউরোপে আসতে হবে। কিন্তু এমনটা চাই না আমি।’অঁরির আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ১৯৯৭ সালের জুনে। সর্বশেষ ম্যাচ খেললেন গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কাকতালীয় হলেও অভিষেক ম্যাচটি দক্ষিণ আফ্রিকাতেই খেলেছিলেন তিনি। মাঝে কেটে গেছে ১৩টি বছর। দীর্ঘ এই ক্যারিয়ারে প্রাপ্তি-অপ্রাপ্তি অনেক কিছুই রয়েছে। তবে প্রাপ্তির পাল্লাটাই ভারী। ফরাসিদের হয়ে ১২৩টি ম্যাচে অংশ নিয়ে রেকর্ড ৫১টি গোল করেছেন অঁরি! ১৯৯৮ সালে দলকে বিশ্বকাপ এনে দিয়েছেন। কিন্তু বিদায় বেলায় কেবল হতাশাই পেলেন অঁরি!ফ্রান্সের এই স্ট্রাইকার বলছেন, ‘এমন বিদায় হবে কখনো ভাবিনি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এখন আর পিছু ফিরে তাকিয়ে লাভ নেই।’ বিশ্বকাপে এমন লজ্জাজনক পারফরম্যান্সের পর ফ্রান্স দল সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া কী? অঁরি বলছেন, ‘আমি এখনো বিশ্বাস করি, ফ্রান্স শক্তিশালী একটি দল। বেশ কয়েকজন ভালো ফুটবলার দলে রয়েছে। ক্লাবের হয়ে তাদের সফলতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। বিশ্বকাপটা ভালো যায়নি, এটা খেলারই অংশ। ঘুরে দাঁড়ানোর সামর্থ্য ফ্রান্স দলের রয়েছে।