অবসর নিয়েছেন রউফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদ রউফ
আসাদ রউফ

মাথার ওপর স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ। চ্যাম্পিয়নস ট্রফিতে দায়িত্ব পাননি। আইসিসির এলিট প্যানেলের জায়গাও হারিয়েছেন। বলা চলে, কয়েক মাস ধরে ক্রিকেট থেকে ‘নির্বাসিত’ আসাদ রউফ। এ অবস্থায় সব ধরনের ক্রিকেটের দায়িত্ব থেকে অবসর নিয়েছেন পাকিস্তানি এই আম্পায়ার।
রউফের বরাত দিয়ে গতকাল শনিবার খবরটা প্রকাশ করেছে পাকিস্তানি পত্রিকা ‘এক্সপ্রেস’। অসুস্থ ছেলে, পরিবার ও ব্যবসায় বাড়তি সময় দেওয়ার ব্যাপারটা অবসরের কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি। এ খবরের সত্যতা অবশ্য যাচাই করা সম্ভব হয়নি। কারণ, ৫৭ বছর বয়সী রউফ এখন পর্যন্ত গণমাধ্যমের সামনে নিজের অবসর নিয়ে কথা বলেননি বা কোনো বিবৃতি দেননি।
গত মে মাসে আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে উঠে আসে আসাদ রউফের নাম। দ্রুতই তাঁকে চ্যাম্পিয়নস ট্রফির দায়িত্ব থেকে সরিয়ে দেয় আইসিসি। তাঁর বিরুদ্ধে তদন্তে নামে মুম্বাই পুলিশের অপরাধ বিভাগ। আলাদা তদন্তে নামে আইসিসিও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্যাপারটাকে হতাশাজনক আখ্যায়িত করলেও ঘোষণা দেয়, তদন্তে দোষী প্রমাণিত হলে অবশ্যই রউফের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। সেই তদন্ত এখনো শেষ হয়নি। তবে এরই মধ্যে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে পিসিবি। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারের তালিকায় রউফের নাম মনোনয়ন দেয়নি পিসিবি। ফিক্সিংয়ের অভিযোগ থাকায় সম্প্রতি করাচির স্থানীয় একটি করপোরেট টুর্নামেন্টেও তাঁকে দায়িত্ব দেওয়া হয়নি। পারফরম্যান্স ‘সন্তোষজনক নয়’ অভিযোগ তুলে আইসিসিও তাঁকে এলিট প্যানেল থেকে সরিয়ে দেয়। ব্যাপারগুলো বোধ হয় মানতে পারেননি আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে ৪৮ টেস্ট, ৯৮ ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি খেলানো রউফ।