অবসর নিলেন পল হ্যাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল হ্যামকে মনে আছে? ২০০৪ এথেন্স অলিম্পিকে জিমন্যাস্টিকসের অলরাউন্ড সোনা জিতে ইতিহাস গড়েছিলেন। সৃষ্টি করেছিলেন বিতর্কও। ইতিহাস গড়েছিলেন প্রথম ও এখন পর্যন্ত একমাত্র মার্কিন হিসেবে এই ইভেন্টের সোনা জিতে। বিতর্কে অবশ্য তাঁর হাত ছিল না। বিচারকেরা ভুল করে অন্য এক প্রতিযোগীকে কম নম্বর দিয়ে ফেলাতেই হ্যাম প্রথম হয়েছিলেন। সেই হ্যাম চোটের কাছে হার মেনে পরশু বিদায় জানালেন জিমন্যাস্টিকসকে। চোটের কারণে বেইজিং অলিম্পিকে অংশ নিতে পারেননি। লন্ডন অলিম্পিকেও আর যাওয়া হলো না ২৯ বছর বয়সী হ্যামের। তাঁর কণ্ঠে অবশ্য কোনো অতৃপ্তি নেই, ‘আমার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে আমার ক্যারিয়ার। আশা করছি, জিমন্যাস্টিকসে আমার অর্জনের জন্যই সবাই আমাকে মনে রাখবে।’মনে তাঁকে রাখতেই হবে। তবে অর্জনের পাশাপাশি বিতর্কের কারণেও। বিশ্ব জিমন্যাস্টিকসের নিয়ন্ত্রক সংস্থা এএফআইজি তাঁকে সোনা দেওয়াটা ভুল হয়েছে স্বীকার করলেও ফলাফল পরিবর্তন করেনি। ভুলের শিকার দক্ষিণ কোরিয়ানরা ব্যাপারটা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) নিয়ে যায়। তবে সিএএস শেষ পর্যন্ত হ্যামের পক্ষেই রায় দেয়। রয়টার্স।