অবসর নিলেন প্যাট্রিক ভিয়েরা
২০০৯ সালে অবসর নিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবলের অঙ্গন থেকে। এবার ক্লাব ফুটবলকেও বিদায় বলে দিলেন সাবেক ফরাসী মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরা। এখন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির নির্বাহী হিসেবে কাজ শুরু করবেন ফ্রান্সের ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী দলের এই সদস্য।আজ আনুষ্ঠানিকভাবে মাঠের ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ৩৫ বছর বয়সী ভিয়েরা বলেছেন, ‘হ্যাঁ, এখানেই আমি আমার খেলোয়াড়ি জীবনের ইতি টানতে চাই। কিন্তু ম্যানচেস্টার সিটির নতুন কাজটাও আমার জন্য খুব চ্যালেঞ্জিং হবে। এখন আমি ফুটবল মাঠের বাইরের অনেক ব্যাপার সম্পর্কেও জানতে পারব। আর এখানে অনেক অভিজ্ঞ মানুষ আছে, যাদের কাছ থেকে আমি কাজটা ভালোমতো শিখতে পারব। আশা করছি, আমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা ভালো মতোই পালন করতে পারব।’ফ্রান্সের জার্সি গায়ে ১৯৯৮ সালের বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরো কাপ জিতেছিলেন ভিয়েরা। ক্লাব ফুটবলের অঙ্গনেও তাঁর সাফল্য কম নয়। আর্সেনালের হয়ে তিনবার জিতেছেন প্রিমিয়ার লিগ শিরোপা। ইতালিয়ান লিগও জিতেছেন ইন্টার মিলানের হয়ে।— রয়টার্স