অবসর নিয়ে ভাবছেন না টোট্টি
অবসর নিয়ে ভাবছেন না ফ্রান্সেসকো টোট্টি। বয়সটা ৩৬ হয়ে গেলেও বুটজোড়া তুলে রাখার মতো কোনো চিন্তা নাকি কখনোই তাঁর মাথায় আসেনি বলে সোজা জানিয়ে দিয়েছেন।অনেকেই টোট্টিকে গত দুই দশকে ইতালির জার্সি গায়ে দেওয়া অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করে থাকেন। ‘আজ্জুরি’দের জার্সি গায়ে ৫৮ বার মাঠে নামা টোট্টি ছিলেন ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। রোমের স্তাদিও অলিম্পিকোয় ২১টি মৌসুম কাটিয়ে দেওয়ার পরও অবসরের ভাবনা নাকি কখনোই টোট্টিকে আচ্ছন্ন করে ফেলেনি। ব্যাপারটি নিয়ে কথা বলতেও নাকি তাঁর একেবারেই ভালো লাগে না।রোমের সোরিসি ই কানজোনি নামের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে উঠে এসেছিল তাঁর অবসরের প্রসঙ্গ। তিনি জানিয়েছেন, ফুটবল তাঁর কাছে একটি খেলা। তিনি এখনো এ খেলাটি উপভোগ করেন এবং সব সময়ই একটি আসন্ন খেলা তাঁকে রোমাঞ্চিত করে। সুতরাং তিনি স্পষ্ট করেই বলেছেন, অবসর নেওয়ার সময় তাঁর এখনো আসেনি।তিনি বলেছেন, ‘অবসর নিয়ে কথা বলার সময় আসেনি বলেই আমি মনে করি।’টোট্টি বলেন, ‘অবসর যখন নেব, তখন দেখা যাবে, কিন্তু অবসর নিয়ে কথা বলার জন্য এটি উপযুক্ত সময় নয় বলেই আমি মনে করি।’২০০০-০১ মৌসুমে এএস রোমার হয়ে তিনি জিতেছিলেন ইতালীয় সিরি ‘আ’র শিরোপা। এরপর এই ক্লাবের হয়ে লিগ শিরোপা জিততে না পারলেও রোমের বাইরে যাওয়ার কথা চিন্তাও করেননি তিনি। ২০০৬ ও ২০০৮ সালে এই ক্লাবের হয়ে তিনি জিতেছিলেন কোপা ইতালিয়ানা। ইতালির জার্সি গায়ে বিশ্বকাপ খেলেছেন দুটি। ২০০২ সালে জাপান ও কোরিয়ার বিশ্বকাপে ইতালি ব্যর্থ হলেও ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে ইতালি ঠিকই জিতে নেয় তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা। ইএসপিএন।