অবসর নিয়েই ফেলছিলেন পুয়োল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট অনেক দিন ধরেই পিছু নিয়েছে তাঁর। তবে গত মৌসুমের শেষ দিকে সেটা চেপে ধরেছিল অক্টোপাসের মতো। স্পেনের হয়ে ইউরোতে খেলতে পারেননি, কার্লোস পুয়োল বার্সেলোনার হয়েও খেলতে পারেননি অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের ফাইনালও। সেই দুঃসময় পেছনে ফেলে বার্সেলোনার অধিনায়ক নতুন মৌসুমে আবার মাঠে ফিরেছেন বটে; তবে আরেকটু হলে অবসরই নিয়ে ফেলছিলেন প্রায়। পুয়োলই বলেছেন, অবসরের ভাবনাটাও চেপে বসেছিল মাথায়।‘ফুটবলে সবচেয়ে বাজে জিনিস চোট। আমারও কিছু চোট ছিল। এর মধ্যে একটা চোট আমাকে বাধ্য করেছে অবসরের কথা ভাবতেও’—বলেছেন পুয়োল। কিন্তু শেষ পর্যন্ত সেই কঠিন সিদ্ধান্ত নেওয়া থেকে তাঁকে দূরে রেখেছে স্পেনেরই ইবিজা দ্বীপে নিজের মতো করে কাটানো ছুটির দিনগুলো! অস্ত্রোপচারের পরও যখন কিছুতেই সেরে উঠছিলেন না, বার্সেলোনার ফিজিও হুয়ানজো ব্রাউ পরামর্শ দেন কোথাও ঘুরে আসতে। সে অনুযায়ী ভাইকে নিয়ে ইবিজা দ্বীপে ছোটেন পুয়োল। দ্বীপের মনোরম পরিবেশে নিজের মতো করে অনুশীলন করেই পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠেন, মাথা থেকে দূর হয় অবসরের চিন্তাও।৩৪ বছর বয়সী পুয়োলের কঠিন সেই দিনগুলো নিয়ে স্মৃতিচারণা, ‘আমি আমার ফিজিও হুয়ানজো ব্রাউয়ের সঙ্গে দিন-রাত কাজ করতাম। কিন্তু চোটটা সেরে উঠছিল না। কোনো কোনো দিন সরে দাঁড়ানোর অস্বস্তির ভাবনাটাও পেয়ে বসত। কিন্তু সেই ভাবনাটা ছিল সাময়িক।’পুয়োল অবশ্য আবারও মাঠের বাইরে ছিটকে পড়েছেন বেনফিকার সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোট পেয়ে। এ সপ্তাহেই অবশ্য মাঠে ফেরার প্রত্যাশা করছেন। ওয়েবসাইট।