অবসর নিয়েই বিতর্কে সোয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসর ঘোষণার সংবাদ সম্মেলনে ছিল তাঁর চরিত্রেরই প্রতিফলন। কখনো সিরিয়াস, কখনো আবেগময়, কখনো বা করছেন কৌতুক, রসবোধে ভরা সব জবাব। তবে অবসর ঘোষণার পর গ্রায়েম সোয়ানের একটি কথায় বেঁধেছে বিতর্ক। সোয়ানকে হারিয়ে তাই ইংলিশ ক্রিকেট মহলে যেমন চলছে হাহাকার, তেমনি আলোচনার খোরাক জোগাচ্ছে তাঁর ওই মন্তব্যও।
অবসর ঘোষণার পর ইংলিশ সাংবাদিকদের একটি প্রশ্নের সূত্রে সোয়ান বলেছিলেন, ‘এখন খেলাটা খেলছে এমন কেউ কেউ নিজেরাও জানে না যে ওরা নিজেদের কত বড় মনে করে। এটাই একদিন তাদের কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে। আশা করি, তখন তারা পেছন ফিরে তাকিয়ে বিব্রত হবে।’
অবসরের পর সোয়ানকে প্রশংসায় ভাসিয়েছেন যিনি, সেই মাইকেল ভন এই মন্তব্য দেখে টুইট করেছেন, ‘চলতি সফরটি ইংল্যান্ডের জন্য এমনিতেই ছিল মহাবিপর্যয়, এখন স্রেফ কৌতুকে পরিণত হয়েছে। ইংলিশ ড্রেসিংরুমের শ্রদ্ধাভাজন একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে সোয়ান কেন নামগুলোও প্রকাশ করছে না, কে কে নিজেকে বড় মনে করে?’
ফিরতি টুইটে সোয়ান অবশ্য দাবি করেছেন, সতীর্থ কাউকে বলেননি তিনি, ‘কোনো উপসংহারে চলে এসো না ভনি (ভন)। আমি কোনো ইংল্যান্ড ড্রেসিংরুম বা ড্রেসিংরুমের কারও কথা বলিনি।’ মন্তব্যের সমালোচনা করায় সাবেক ক্রিকেটার ও বর্তমানে সাংবাদিক ডেরেক প্রিঙ্গলকে তো সরাসরিই আক্রমণ করেছেন সোয়ান, ‘ডেরেক প্রিঙ্গল কিছু লেখে বলেই লোকে পত্রিকা কিনে, ভাবলেই আমার অবাক লাগে। সম্ভবত বানানো খবরে পত্রিকার কাটতি বাড়ে!’ প্রিঙ্গল আবার পাল্টা টুইট করেছেন, ‘সোয়ান এটা পরিষ্কার করে দিলেই পারত যে সে ইংলিশ ক্রিকেটারদের বোঝায়নি!’
সদ্য সাবেক সতীর্থদের অবশ্য পাশেই পাচ্ছেন সোয়ান। বক্সিং ডে টেস্টে সোয়ানের জায়গা নিচ্ছেন যিনি, সেই মন্টি পানেসার বলছেন, ‘আমরা সবাই ওকে ভালো করে চিনি, জানি ও কেমন। ওকে সবাই পছন্দ করে, ভালোবাসে। দারুণ এক চরিত্র ও, সবাই ওর পাশে আছি।’
সোয়ানের অবসরে আপাতত লাভবান হচ্ছেন পানেসারই। তবে সোয়ান যাঁকে উত্তরসূরি মনোনীত করেছেন, সেই লেগ স্পিনিং অলরাউন্ডার স্কট বর্থউইক ও অফ স্পিনার জেমস ট্রেডওয়েলকে অস্ট্রেলিয়ায় উড়িয়ে আনছে ইংল্যান্ড। ওয়েবসাইট।