অবসর নেননি ইউসুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি গত আড়াই বছর। মোহাম্মদ ইউসুফ সর্বশেষ পাকিস্তান দলের হয়ে খেলেছেন ২০১০ সালের নভেম্বরে। গণমাধ্যমের খবর, প্রকাশ্যে ঘোষণা না দিলেও এরই মধ্যে অবসর নিয়ে ফেলেছেন ৩৮ বছর বয়সী ইউসুফ।
গণমাধ্যমের খবরের ব্যাখ্যা দিতে করাচিতে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সামনে হাজির হয়েছিলেন ইউসুফ। জানালেন, অবসর নেননি তিনি। নির্বাচকেরাই তাঁকে দলের বাইরে রেখেছেন।
ইউসুফ বলেন, ‘আমি এরই মধ্যে পাকিস্তান দলের বাইরে চলে গেছি। দীর্ঘ দিন ধরে শীর্ষ পর্যায়ের ক্রিকেটে খেলছি না। এ অবস্থায় আমার অবসর ঘোষণার কোনো অর্থ হয় না।’
ইউসুফ বলেন, ‘নির্বাচকেরা আমাকে দলের জন্য বিবেচনা করছেন না। সত্যি বলতে, নিয়মিত ক্রিকেট খেলার সুযোগ এখন পর্যন্ত আমি পাইনি। আমি চাই, তরুণ ক্রিকেটাররা ভালো খেলে দলে নিজেদের অবস্থান মজবুত করুক। সেটা হলে মনে করব, আমার সরে দাঁড়ানোর সময় হয়েছে।’

ইউসুফ অবসর নিয়েছেন বলে যে খবর বেরিয়েছে, তাতে বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইকবাল কাশিম। তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটে অসামান্য অবদান রেখেছে ইউসুফ। যদি সে ঘরোয়া ক্রিকেটে খেলতে চায়, আমরা অবশ্যই তা বিবেচনা করব।’

আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ ইউসুফের অভিষেক ১৯৯৮ সালে। পাকিস্তানের ইতিহাসে অন্যতম সফল ব্যাটসম্যান তিনি। ৯০ টেস্টে ইউসুফের সংগ্রহ ৭ হাজার ৫৩০ রান। গড় সংগ্রহ ৫২.২৯, সেঞ্চুরি আছে ২৪টি। ২৮৮ ওয়ানডেতে ৪১.৭১ গড়ে ইউসুফ করেন ৯ হাজার ৭২০ রান। সেঞ্চুরি রয়েছে ১৫টি।

ইউসুফ জানিয়েছেন, দলকে সহায়তা করতে সব সময় প্রস্তুত তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সুযোগ দিলে ব্যাটিং কোচ বা উপদেষ্টা হিসেবে কাজ করতে রাজি তিনি। ইউসুফ বলেন, ‘ব্যাটিং কোচ হিসেবে কাজ করতে পারলে দারুণ হবে। সুযোগ পেলে অবশ্যই সেটা গ্রহণ করব।’ সূত্র: এনডিটিভি।