অবসর নেবেন না পাওয়েল
হাল ছাড়ছেন না আসাফা পাওয়েল। ১০০ মিটার স্প্রিন্টের সাবেক বিশ্ব রেকর্ডধারী এখনই অ্যাথলেটিকসকে বিদায় বলতে নারাজ। গায়ে লেগেছে ডোপ-কলঙ্ক। নিষিদ্ধই হয়ে যেতে পারেন বলে আশঙ্কা। তবে জ্যামাইকান অ্যাথলেট আশা করছেন, ‘বি’ নমুনা পরীক্ষায় তিনি ঠিকই উতরে যাবেন, নির্দোষ প্রমাণিত হবেন। ৩০ বছর বয়সী এই সিপ্রন্টার পরশু বললেন, অবসরের কোনো চিন্তাভাবনাই করছেন না তিনি, ‘আমি স্তম্ভিত হয়েছিলাম, তবে কখনো হাল ছেড়ে দেওয়ার কথা ভাবিনি।’ তবে ‘বি’ নমুনা পরীক্ষায় পজিটিভ হলে কী করবেন, সেটাও ভেবে রেখেছেন নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়া পাওয়েল, ‘এই নমুনাতেও যদি খারাপ ফল আসে, আমি ও আমার দল আশা করব, শুনানিটা যত দ্রুত সম্ভব হয়ে যাবে। কারণ, তাতে আমি দলে ফিরতে পারব, দেশের প্রতিনিধিত্ব করতে পারব এবং আমার পরিবার, বন্ধুবান্ধব ও সমর্থকদের খুশি করতে পারব।’জ্যামাইকার জাতীয় চ্যাম্পিয়নশিপের সময় হওয়া পরীক্ষায় পাওয়েলসহ পাঁচজন অ্যাথলেট পজিটিভ হন। ১০ সেকেন্ডের নিচে সবচেয়ে বেশিবার ১০০ মিটার দৌড়ানো পাওয়েল তখনই অবশ্য অস্বীকার করেন, জেনে-বুঝে কোনো নিষিদ্ধ শক্তিবর্ধক তিনি নেননি। গত সপ্তাহে একই দিনে ঘণ্টা কয়েকের ব্যবধানে পাওয়েল ও মার্কিন স্প্রিন্ট তারকা টাইসন গের ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ার খবরের প্রচণ্ড ঝাঁকুনি খায় অ্যাথলেটিকস বিশ্ব। রয়টার্স।