অবসর-পরিকল্পনা পাল্টালেন বোল্ট
অবসরের আগাম ঘোষণাটা দিয়ে রেখেছিলেন। এ মাসের গোড়ার দিকে জানিয়েছিলেন, ২০১৬ সালে অনুষ্ঠেয় রিও ডি জেনিরো অলিম্পিকের পর ট্র্যাক থেকে বিদায় নেবেন। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন উসাইন বোল্ট।
লন্ডনে গতকাল বৃহস্পতিবার অলিম্পিকে ছয়টি সোনাজয়ী অ্যাথলেট সাংবাদিকদের জানিয়েছেন, ২০১৬ সালে অবসর নিচ্ছেন না তিনি। অংশ নেবেন ২০১৭ সালের লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপেও। বুটজোড়া তুলে রাখতে পারেন এর পর। অবসর প্রশ্নে আগের সিদ্ধান্ত থেকে সরে আসার কারণটাও ব্যাখ্যা করেছেন এ গ্রহের দ্রুততম মানব, ‘রিওর পরই অবসর নিতে চেয়েছিলাম। কিন্তু ভক্তরা চায়, আমি যেন অন্তত আরও একটা বছর খেলে যাই। আমার স্পনসররা একই মত দিয়েছে। কোচও বলেছেন, এটা করা যেতে পারে।’
আগামী বছরের কমনওয়েলথ গেমসে অংশ নেওয়ার আগ্রহের কথাও জানিয়েছেন বজ্রমানব, ‘সেখানে খেলার ইচ্ছা আছে। তবে আমি কোচের সিদ্ধান্তের বাইরে কখনোই কিছু করি না। ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করছি। জানি না, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হবে। তবে সেখানে গেলেও দুটি ইভেন্টে বোধ হয় অংশ নেব না, শুধু ২০০ মিটারে লড়তে পারি।’
১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের বিশ্বরেকর্ডটা বোল্টের দখলে। ৯.৫৮ ও ১৯.১৯ সেকেন্ড টাইমিং করে রেকর্ড দুটি গড়েছিলেন বার্লিন বিশ্বচ্যাম্পিয়নশিপে। কদিন আগেও তিনি জানিয়েছিলেন, সেই রেকর্ড ভেঙে নতুন করে গড়ার ভাবনা আপাতত নেই। তবে গতকাল জানালেন, সেটা ভেঙে ফেলতেও পারেন, ‘সম্ভাবনা আছে। গত মৌসুমে সেটা ভাঙতে চেয়েছিলাম। কিন্তু আমি ইনজুরিতে পড়ি। বয়স যত বেশি হয়, চোট থেকে বেরিয়ে আসাটাও কঠিন হয়ে পড়ে।’
২০০৮ সালের বেইজিং অলিম্পিকে তিনটি সোনা (১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট ও ৪–১০০ মিটার রিলে) জেতেন বোল্ট। গত বছর লন্ডন অলিম্পিকেও জেতেন তিনটি। পরপর দুই অলিম্পিকে তিনটি করে সোনাজয়ের কীর্তি অলিম্পিকের ইতিহাসে এই একটাই। ২৭ বছর বয়সী এই স্প্রিন্টার আগেই জানিয়ে রেখেছেন, রিও অলিম্পিকে রেকর্ডটা অস্পর্শ-দূরত্বে নিয়ে যেতে চান। সূত্র: রয়টার্স।