অবসর ভাঙতে চেয়েছিলেন মুরালি!
রেকর্ড নিয়ে না ভাবলেও ক্রিকেটারদের মনোজগতে স্বপ্নটা ঠিকই উঁকি দেয়! মুত্তিয়া মুরালিধরনেরই যেমন স্বপ্ন ছিল ইতিহাসের প্রথম বোলার হিসেবে টেস্টে ১০০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার। ২০১০ সালের জুলাইতে টেস্টের পাট চুকিয়ে ফেলা টেস্টের সর্বোচ্চ উইকেটের মালিক ১০০০ উইকেটের আশায় অবসর ভেঙে আবার ফিরতেও চেয়েছিলেন। কিন্তু তাঁর ফেরার পরিকল্পনায় বাদ সেধেছে বয়স।উইজডেন ক্রিকেটার ম্যাগাজিনের সর্বশেষ সংস্করণে দেওয়া সাক্ষাৎকারে মুরালিধরনই বলেছেন, ১০০০ উইকেটের স্বপ্ন ছিল তাঁর। এ জন্য ফেরার চিন্তাভাবনাও করেছিলেন। কিন্তু বুড়িয়ে যাওয়া শরীরটা আরও তিন-চার বছর খেলতে সায় দেবে না ভেবেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।২০১০ সালের জুলাইতে ভারতের বিপক্ষে গলে টেস্ট খেলেই ক্রিকেটের সাদা পোশাকটা খুলে ফেলেন তিনি। ওই টেস্টেই ৮ উইকেট নিয়ে ইতিহাসের প্রথম বোলার হিসেবে স্পর্শ করেন ৮০০ উইকেটের মাইলফলক। রেকর্ডটা তিনি আবার গড়েন টেস্ট ক্যারিয়ারের শেষ বলটিতে প্রজ্ঞান ওঝাকে আউট করে। শেষ টেস্টে ৮ উইকেট, শেষ বলে উইকেট—এই ফর্মটাই মুরালিধরনকে আবারও টেস্টে ফিরতে প্রলুব্ধ করে।কিন্তু মুরালি হিসাব কষে দেখেছেন, শ্রীলঙ্কা বছরে টেস্ট খেলে আটটি করে। এই হারে উইকেট নিয়ে লক্ষ্যে পৌঁছাতে ৪৩ বছর বয়স পর্যন্ত খেলতে হবে। মুরালি তাই বলছেন, ‘আমি অনেক দিন ধরে সত্যি সত্যিই প্রথম বোলার হিসেবে ১০০০ উইকেটের কথা ভেবেছি। আমি ভারতের বিপক্ষে টেস্টটি খেলেই অবসরের সিদ্ধান্ত নিই। কিন্তু ৮ উইকেট নিয়ে ৮০০ উইকেটে পৌঁছানোর পরই আমি দ্বিতীয় ভাবনাটা ভেবেছি।’কিন্তু ৩৯-এ দাঁড়িয়ে মুরালিধরন বুঝে ফেলেন, আরও চার বছর খেলে যাওয়াটা শরীর সমর্থন করবে না, ‘শেষে আমার শরীরই আমাকে থামিয়ে দিয়েছে। আমি নিজেকেই প্রশ্ন করেছি, ‘‘আর কেন? তুমি সবকিছুই অর্জন করেছ, খেলাটিতে যা অর্জন করা সম্ভব। এবং কারও কাছে তোমার প্রমাণেরও কিছু নেই।’’ হ্যাঁ, ১০০০ টেস্ট উইকেট শুনতে দারুণ লাগে। কিন্তু আমি জানতাম, চল্লিশের আমি এই পর্যায়ের খেলাটা খেলতে পারব না।’টেস্টে যখন ফেরা হবেই না, মুরালিধরন তাই ঠিক করে ফেলেছেন, ২০১২ সালে গ্লস্টারশায়ারে খেলা শেষ করে সব ধরনের ক্রিকেট থেকেই সরে দাঁড়াবেন। ওয়েবসাইট।