অবসর ভাঙার ঘোষণা আফ্রিদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মে মাসে অধিনায়কত্ব হারানোর পর শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন শহীদ আফ্রিদি। এরপর আবার তাঁর প্রত্যাবর্তনের খবর পাওয়া গিয়েছিল বেশ কয়েকবার। তবে এবার আনুষ্ঠানিকভাবেই সীমিত ওভারের ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন ৩১ বছর বয়সী এই পাকিস্তানি অলরাউন্ডার।এ বছরের মে মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে মূলত তত্কালীন কোচ ওয়াকার ইউনুস ও পিসিবির সভাপতি ইজাজ বাটের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েই অবসরের ঘোষণা দিয়েছিলেন আফ্রিদি। সম্প্রতি ওয়াকার ইউনুসের কোচের পদ থেকে সরে দাঁড়ানো এবং পিসিবির নতুন সভাপতি হিসেবে জাকা আশরাফের নিয়োগের পরই এ ঘোষণা দিলেন তিনি। আজ মঙ্গলবার করাচিতে অবসর ভাঙার ঘোষণা দিয়ে আফ্রিদি সাংবাদিকদের বলেন, ‘আমি কখনোই একেবারে অবসরে যাওয়ার ঘোষণা দিইনি। আমি শুধু বলেছিলাম, তত্কালীন বোর্ডের অধীনে আমি আর খেলব না। কিন্তু এখন বোর্ডে অনেক পরিবর্তন এসেছে; যেমনটা আমি চেয়েছিলাম। কাজেই এখন আমি আবার পাকিস্তানের হয়ে খেলার জন্য প্রস্তুত আছি।’তবে খুব দ্রুতই হয়তো পাকিস্তান দলে ফেরা হবে না আফ্রিদির। বোর্ডের আনুষ্ঠানিক ছাড়পত্র পাওয়ার পরেই নির্বাচকেরা তাঁকে দলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে চিন্তা করবেন বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক মোহাম্মদ ইলিয়াস। তিনি বলেছেন, ‘আফ্রিদি পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু দলে সুযোগ পাওয়ার জন্য তাঁকে আগে পিসিবির থেকে ছাড়পত্র পেতে হবে। এরপর আমরা তাঁর অন্তর্ভুক্তির কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করব।’ ক্রিকইনফো।