অবসর ভেঙে ফিরছেন ফেলপস

২০১২ অলিম্পিকে মুখে তৃপ্তির হাসি নিয়ে ৪০০ মিটার রিলে ইভেন্ট শেষ করেছিলেন মাইকেল ফেলপস। এর পরই দুর্দান্ত ক্যারিয়ারের অবসান ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের এ কিংবদন্তি সাঁতারু। ফেলপস-ভক্তদের জন্য সুখবর—পুলে ঝড় তুলতে অবসর ভেঙে ফিরছেন তিনি।
ফেলপসের দীর্ঘদিনের কোচ বব বোমান জানিয়েছেন, ‘অবশ্যই প্রত্যাশা করি, আবার সে সাঁতারে ফিরে আসুক। ও পানিতে সামান্য পরীক্ষা-নিরীক্ষা করতে যাচ্ছে। তবে বলতে পারব না, পুরোদমে ফিরতে পারবে কি না।’ ফেলপসের ফেরার খবরে যারপরনাই আপ্লুত তাঁর এক সময়ের প্রতিদ্বন্দ্বী স্টিভ প্যারি। ব্রিটিশ সাঁতারু বললেন, ‘বিশ্বাসই করতে পারছি না, সে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। ক্রীড়া ক্ষেত্রে তার আর প্রমাণের কিছু নেই।’
২০১২ সালে অবসর ঘোষণার আগে সর্বকালেরই অন্যতম এ সেরা অলিম্পিয়ানের পদকের সংখ্যা দাঁড়ায় ১৮টি সোনাসহ মোট ২২টি। এর মাধ্যমে ব্যক্তিগতভাবে অলিম্পিকের সর্বোচ্চ পদক জয়ের রেকর্ডটি নিজের করে নেন পুলের রাজা। এএফপি ও ওয়েবসাইট।