অবসর ভেঙে ফিরছেন ভেট্টোরি
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত বছরের মার্চে। সর্বশেষ ম্যাচটা অবশ্য খেলেছেন আরও আগে। ২০১০ সালের মে মাসে। তবে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি।৩৩ বছর বয়সী ভেট্টোরি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন তিনি। ভেট্টোরির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, ‘২০০৯ সালে টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ভেট্টোরি। বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। শ্রীলঙ্কায় স্পিন-সহায়ক কন্ডিশনে তাঁর উপস্থিতি ব্ল্যাক ক্যাপসদের জন্য অনেক বড় পাওয়া।’২৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন ভেট্টোরি। এ পর্যন্ত অনুষ্ঠিত তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটিতেই অংশ নিয়েছেন তিনি। বিশ্ব টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তারকা এই স্পিনারের অবস্থান সপ্তম। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক কিম লিটলজন বলেছেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাট উপভোগ করেন ভেট্টোরি। টি-টোয়েন্টির বিশ্ব আসরে দলের হয়ে খেলার সুযোগ তাঁকে ফিরে আসতে প্রভাবিত করেছে। দলে তাঁর সতীর্থ, কোচিং স্টাফ এবং বোর্ডের সঙ্গে জড়িত অন্যরা তাঁকে অবসর ভেঙে ফিরে আসতে উত্সাহ জুগিয়েছে। ভেট্টোরিকে পেয়ে আমরা আনন্দিত।’আগামী ১৮ জুলাই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করবে নিউজিল্যান্ড। প্রতিযোগিতা শুরু হবে এর দুই মাস পর, ১৮ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ ও পাকিস্তান।টি-টোয়েন্টির মতো ওয়ানডে ক্রিকেটেরও বাইরে আছেন ভেট্টোরি। ওয়ানডেতে সর্বশেষ খেলেছেন গত বছরের মার্চে। তবে টেস্টে নিয়মিতই খেলছেন কিউই এই অলরাউন্ডার। ভেট্টোরি কিছু দিন আগে জানিয়েছিলেন, ওয়ানডে ক্রিকেট থেকে আপাতত বিশ্রামে আছেন তিনি। তবে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটা অনেক আগেই খেলে ফেলেছেন। সূত্র: ওয়েবসাইট।