অবসরে প্রাইস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দিনে জিম্বাবুয়ে ক্রিকেটের বড় ভরসা ছিলেন তিনি। জিম্বাবুয়ে যখন নামছে তলানির দিকে, তিনি পারফরম্যান্স দিয়েই বিশ্ব ক্রিকেটে নিজেকে তুলেছেন ওপরের দিকে। একসময় তাঁকে মনে করা হতো ড্যানিয়েল ভেট্টোরির পর বিশ্বসেরা বাঁহাতি স্পিনার। তবে বয়স তো আর থেমে থাকে না। বেশ কিছুদিন ধরেই দলে জায়গা পাচ্ছিলেন না। বয়সের কাছে হার মেনে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন রে প্রাইস। বিদায় জানালেন ক্রিকেটকে।চলতি ভারত সিরিজের দলে ছিলেন ৩৭ বছর বয়সী স্পিনার। কিন্তু প্রথম তিন ম্যাচে মাঠে নামা হয়নি। বুলাওয়ে পর্বে আর মাঠে নামার সম্ভাবনা নেই দেখে সিরিজের মাঝপথেই বিদায় বলে দিলেন। বোর্ডের সঙ্গে চুক্তিও শেষ হয়ে যাচ্ছে এই সিরিজ শেষে। ২২ টেস্টে নিয়েছেন ৮০ উইকেট, ১০২ ওয়ানডেতে ১০০ আর ১৬ টি-টোয়েন্টিতে ১৩ উইকেট। ২০০৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ টেস্টে নিয়েছিলেন ১৯ উইকেট, হারারেতে ১০ উইকেট নিয়ে প্রায় জিতিয়েই দিয়েছিলেন জিম্বাবুয়েকে। ওই বছরই স্টিভ ওয়াহর মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে ৬ উইকেটও তাঁর স্মরণীয় এক পারফরম্যান্স।কিপটে ও চাতুর্যময় বোলিংয়ের সঙ্গে প্রাইস পরিচিত ছিলেন হার না-মানা মানসিকতার জন্যও। ক্রিকেট ছাড়লেও হারারে স্পোর্টস ক্লাবে নিয়মিতই দেখা যাবে প্রাইসকে। ওখানেই দিয়েছেন একটা ক্রীড়াসামগ্রীর দোকান। ওয়েবসাইট।