অবসরে যাচ্ছেন টোফেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে পরিবার থেকে দূরত্বও। তবে এভাবে আর নয়। শ্রীলঙ্কায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ারকে বিদায় জানাবেন সায়মন টোফেল। ৪১ বছর বয়সী টোফেল আজ বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান তিনি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপই তাঁর শেষ আন্তর্জাতিক আসর।আম্পায়ারিং থেকে অবশ্য খুব একটা দূরে যাচ্ছেন না টোফেল। আইসিসির এলিট প্যানেলের এই অস্ট্রেলীয় আম্পায়ার জানিয়েছেন, অবসরের পর আইসিসি আম্পায়ারদের পারফরম্যান্স ও প্রশিক্ষণ নিয়ে কাজ করবেন তিনি।বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার হিসেবে বিবেচনা করা হয় সায়মন টোফেলকে। ২০০৪ থেকে ২০০৮ সাল—টানা পাঁচ বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হন তিনি। এ পর্যন্ত ৭৪টি টেস্ট ও ১৭৪টি ওয়ানডে ম্যাচে আম্পায়ার হিসেবে কাজ করেছেন টোফেল। এক দশকেরও বেশি সময় ধরে অসাধারণ নৈপুণ্যের সঙ্গে ক্রিকেট ম্যাচ পরিচালনা করায় সায়মন টোফেলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। তিনি বলেন, মাঠের ভেতরে অসাধারণ সব সিদ্ধান্ত দেওয়ায় এক দশকের বেশি সময় ধরে সায়মন সর্বজন শ্রদ্ধেয় আম্পায়ার। বিশ্বব্যাপী আম্পায়ারদের জন্য অনুকরণীয় আদর্শ তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার টোফেলের অভিষেক ১৯৯৯ সালের ১৩ জানুয়ারি, সিডনিতে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে ম্যাচ দিয়ে। তাঁর বয়স তখন মাত্র ২৮ বছর। টোফেল প্রথম টেস্ট ম্যাচে আম্পায়ারিং করেন ২০০০ সালের ডিসেম্বরে, মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার বক্সিং ডে টেস্টে। ২০০২ সালে আইসিসির এলিট প্যানেলের সদস্য নির্বাচিত হন অস্ট্রেলীয় এই আম্পায়ার। রয়টার্স।